ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: চিনের সঙ্গে বাণিজ্যে ফের বড় ধাক্কা ভারতের! ২০২৬ সালের প্রথম ৯ মাসেই (জানুয়ারি-সেপ্টেম্বর) চিনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি পৌঁছে গেল ১০৫.৯৩ বিলিয়ন ডলারে। গত বছরের একই সময়ের তুলনায় এই ঘাটতি বেড়েছে ২০.৭ শতাংশ। ভারতীয় পণ্যের রফতানি উল্লেখযোগ্য হারে বাড়লেও আমদানির বিপুল পরিমাণে পরিস্থিতি বদলাচ্ছে না।
চিনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমসের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ৯ মাসে চিন থেকে ভারতে পণ্য আমদানি হয়েছে ১২৫.১৯ বিলিয়ন ডলারের। অন্যদিকে, ভারতে তৈরি পণ্য চিনে রফতানির পরিমাণ মাত্র ১৯.২৬ বিলিয়ন ডলার। যদিও ভারতীয় রফতানি বেড়েছে ৪০.৭ শতাংশ, চিন থেকে আমদানি বেড়েছে ২৩.৩ শতাংশ।
দুই দেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণও ২৫.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৪.৪৫ বিলিয়ন ডলারে।
ইলেকট্রনিক্স, যন্ত্রপাতি ও রাসায়নিক পণ্যের জন্য চিনের উপর ভারতের নির্ভরতা এই ঘাটতির অন্যতম বড় কারণ। অন্যদিকে, সামুদ্রিক পণ্য, জ্বালানি ও বিভিন্ন শিল্পের কাঁচামাল রফতানি করছে ভারত।
বিশেষজ্ঞদের মতে, দেশীয় উৎপাদন বাড়ানো এবং চিনের বাজারে ভারতীয় পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত না হলে এই বিপুল বাণিজ্য ঘাটতি কমানো কঠিন।








