রাইড পেতে আগেই ‘বখশিশ’! ওলার পকেটে ১০ লক্ষের জরিমানা, বন্ধের নির্দেশ বিতর্কিত ফিচার

রাইড শেয়ারিং অ্যাপ ওলার উপর ১০ লক্ষ টাকা জরিমানা করল CCPA। বন্ধ করা হচ্ছে প্রি-রাইড টিপিং ফিচার। জেনে নিন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: ক্যাব বুক করলেই কি চালক পাওয়ার জন্য দিতে হবে অতিরিক্ত টাকা? যাত্রীদের এমনই ইঙ্গিত দেওয়ার অভিযোগে বড়সড় ধাক্কা খেল ওলা। প্রি-রাইড ‘টিপ’ বা ‘অ্যাড-অন’ ফিচারের মাধ্যমে গ্রাহকদের বিভ্রান্ত করার দায়ে সংস্থাটিকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA)। একই সঙ্গে এই ব্যবস্থা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ, ওলার অ্যাপে চালক বুকিং গ্রহণের অপেক্ষায় থাকাকালীন বার্তা দেখানো হত—অতিরিক্ত টাকা দিলে দ্রুত রাইড পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। প্রথমে ‘টিপ’ নামে চালু হওয়া এই ফিচারের নাম পরে বদলে ‘অ্যাড-অন’ করা হলেও পদ্ধতি একই ছিল।

কিন্তু কর্তৃপক্ষের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ২০২৬ সালের ১ থেকে ১৫ জুনের বুকিং ডেটা অনুযায়ী, অতিরিক্ত টাকা দেওয়া রাইডের ক্ষেত্রে চালকদের বুকিং গ্রহণের হার দিল্লিতে ৩৮ শতাংশ, বেঙ্গালুরুতে ৪০ শতাংশ এবং মুম্বইয়ে ৩৯ শতাংশ। অথচ অতিরিক্ত টাকা ছাড়া এই হার যথাক্রমে ৬২, ৬৮ ও ৬৮ শতাংশ।

CCPA-র মতে, এই ফিচার ‘কনফার্ম শেমিং’-এর মতো ডার্ক প্যাটার্ন ব্যবহার করে গ্রাহকদের মানসিক চাপে ফেলছিল। নিয়ম অনুযায়ী, যাত্রা শেষ হওয়ার পরেই টিপ দেওয়ার সুযোগ থাকা উচিত। তাই প্রি-রাইড অতিরিক্ত অর্থ চাওয়ার ব্যবস্থা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।