ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬ : দর্শকদের বিপুল সাড়া সত্ত্বেও প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’। আগামী শুক্রবার থেকেই এই ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। গত ২০ নভেম্বর মুক্তি পাওয়ার পর থেকেই ছবিটি দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছিল। নির্মাতাদের দাবি, সপ্তাহের কাজের দিনেও একাধিক শো হাউসফুল হচ্ছিল এবং ছবির ‘ওয়ার্ড অফ মাউথ’ দর্শকদের মধ্যে দারুণভাবে কাজ করছিল।
ছবির টিমের মতে, দর্শকের কাছ থেকে যে উষ্ণ অভ্যর্থনা মিলছিল, তাতে এমন সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু যশরাজ ফিল্মস (YRF) পরিবেশিত এবং রাজশ্রী প্রোডাকশন্স প্রযোজিত নতুন ছবি ‘ইয়ে প্রেম মল লিয়া’-র আসন্ন মুক্তির আবহে এই সমস্যা তৈরি হয়েছে। প্রদর্শকদের তরফে জানানো হয়েছে, নতুন ছবির জন্য পর্যাপ্ত শো বরাদ্দ করতে গিয়ে ‘সাধক বামাক্ষ্যাপা’-র জন্য আর শো রাখা সম্ভব হচ্ছে না।
এই সিদ্ধান্তে ছবির নির্মাতারা স্পষ্ট জানিয়েছেন, অন্য কোনও ছবি মুক্তি পাক বা দর্শকের কাছে পৌঁছক, তাতে তাঁদের কোনো আপত্তি নেই। প্রতিটি ছবিরই নিজের প্রাপ্য সুযোগ পাওয়া উচিত। তবে হাউসফুল শো চলার পরেও একটি সফল ছবিকে এভাবে সরিয়ে নেওয়াটা দুর্ভাগ্যজনক বলে তাঁরা মনে করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্র মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যেখানে বাণিজ্যিক স্বার্থে ছোট বাজেটের ছবির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।









