ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: সানি দেওলের আগামী ছবি ‘সূর্যা: অন্ত সে আরম্ভ তক’ ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। ছবির টিজারে চিকিৎসকদের নেতিবাচকভাবে দেখানো এবং স্বাস্থ্যকর্মীদের উপর হিংসার দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। এবার এই বিতর্কে মুখ খুললেন ছবিতে সানি দেওলের স্ত্রীর চরিত্রে অভিনয় করা বাঙালি অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।
NDTV-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, কোনও পেশা বা সম্প্রদায়কে অসম্মান করার উদ্দেশ্য ছবিটির নেই। তাঁর কথায়, “ছবি সমাজের প্রতিচ্ছবি। আমার মনে হয় না ছবিতে কোনও সম্প্রদায় বা পেশাকে অসম্মান করা হয়েছে। যা দেখানো হয়েছে, তা সমাজের একটি বাস্তব সমস্যা।” ছবির জনসংযোগ দল ও প্রযোজকের সঙ্গেও তিনি কথা বলেছেন বলে জানান অভিনেত্রী। ‘সূর্যা’ ছবির হাত ধরেই বলিউডে অভিষেক হচ্ছে তনুশ্রীর।
অন্যদিকে, ছবির প্রচারমূলক দৃশ্যে চিকিৎসকদের বিরুদ্ধে দুর্নীতির সাধারণীকরণ এবং তাঁদের উপর হামলাকে বীরত্বের মতো দেখানোর অভিযোগ তুলেছে IMA। সংগঠনটি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখে ছবিটির নিরপেক্ষ পর্যালোচনা, প্রয়োজনীয় সংশোধন এবং প্রয়োজনে নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে।
ছবিটি আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। তার আগে বিতর্কের জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার।









