মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয়ের মধ্যেই পরিত্যক্ত কালো গাড়ি! চন্দননগরে পে লোডার দিয়ে সরাল পুলিশ

মুখ্যমন্ত্রীর চন্দননগর যাত্রাপথে পরিত্যক্ত কালো গাড়ি ঘিরে চাঞ্চল্য। বারবার ঘোষণা সত্ত্বেও চালকের খোঁজ না মেলায় পে লোডার দিয়ে সরাল পুলিশ

Share:

ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬ : মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা। চারদিকে পুলিশি নজরদারি। তার মধ্যেই নিরাপত্তা বলয়ের ভিতরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল একটি কালো গাড়ি। চালকের খোঁজে বারবার মাইকিং করেও কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত পে লোডার এনে গাড়িটি সরিয়ে নিয়ে গেল পুলিশ। শুক্রবার চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীর যাওয়ার পথে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।

মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে আগে থেকেই চন্দননগরের সংশ্লিষ্ট এলাকায় জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। ভিআইপি যাতায়াতের কথা মাথায় রেখে রাস্তা ফাঁকা রাখারও উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এরই মধ্যে রাস্তার উপর একটি কালো গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গাড়িটি সেখানে কে বা কারা রেখে গিয়েছেন, তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।

পুলিশের তরফে একাধিকবার মাইকিং করে গাড়ির চালককে সামনে আসার অনুরোধ জানানো হয়। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও কেউ গাড়ির দায়িত্ব নিতে এগিয়ে আসেননি। ফলে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা এবং ভিআইপি যাতায়াতের বিষয়টি মাথায় রেখে উদ্বেগ বাড়তে থাকে।

পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পে লোডার নিয়ে আসা হয়। সেটির সাহায্যে রাস্তা থেকে কালো গাড়িটি সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কিছুক্ষণের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।তবে গাড়িটির মালিক কে, কী কারণে সেটি সেখানে ফেলে রাখা হয়েছিল এবং নিরাপত্তা বলয়ের মধ্যে কীভাবে গাড়িটি পৌঁছল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে স্থানীয় মহল।