ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের বড়সড় সাফল্য! অক্টোবর মাসে দেশের মোট পণ্য ও পরিষেবা রফতানি এক ধাক্কায় প্রায় ৩০ শতাংশ বেড়ে পৌঁছল ৮৯.৯৯ বিলিয়ন মার্কিন ডলারে। শুধু রফতানির পরিমাণ বৃদ্ধি নয়, একই সঙ্গে কমেছে সামগ্রিক বাণিজ্য ঘাটতিও। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যানে উঠে এসেছে এই ইতিবাচক ছবি।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে ভারতের মোট রফতানি ছিল ৬৯.২৭ বিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে তা বেড়েছে ২৯.৯ শতাংশ। অন্যদিকে, অক্টোবর মাসে মোট আমদানি হয়েছে ১১০.০৭ বিলিয়ন ডলার।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, পণ্য ও পরিষেবা মিলিয়ে ভারতের সামগ্রিক বাণিজ্য ঘাটতি গত বছরের ২৫.১৫ বিলিয়ন ডলার থেকে কমে হয়েছে ২০.০৯ বিলিয়ন ডলার। পরিষেবা রফতানির শক্তিশালী অবদান এই ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
তবে পণ্য বাণিজ্যে আমদানির চাপ এখনও যথেষ্ট। অক্টোবরে পণ্য রফতানি বেড়ে ৪৯.৪৭ বিলিয়ন ডলার হলেও আমদানি হয়েছে ৮৯.৩৫ বিলিয়ন ডলারের। ফলে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৩৯.৮৮ বিলিয়ন ডলার।
এদিকে, চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভারতের মোট রফতানি বেড়ে হয়েছে ৫৬৮.৮৪ বিলিয়ন ডলার।
বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মধ্যেও ভারতের রফতানির এই উল্লম্ফন দেশের বাণিজ্যিক সক্ষমতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে।









