ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬ : কলকাতার পর এবার হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস ঘিরেও শুরু হল আইনি জটিলতা। পুরসভার ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সিপিএম নেতা তথা প্রাক্তন মেয়র পারিষদ ইমতিয়াজ আহমেদ। তাঁর অভিযোগ, ১৯৮০ সালের পুর আইন মেনে এই ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি।
মামলাকারীর দাবি, ২০১৮ সালের পর থেকে হাওড়া পুরসভায় কোনও নির্বাচন হয়নি। বর্তমানে প্রশাসকের মাধ্যমেই পুরসভার কাজকর্ম পরিচালিত হচ্ছে। এই পরিস্থিতিতে আচমকা ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আইনসম্মত নয় বলে দাবি তাঁর। এই পুনর্বিন্যাস প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও একই ধরনের আইনি বিতর্ক তৈরি হয়েছিল। সেই মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির উপর স্থগিতাদেশ দিয়েছিল। এবার সেই মামলার নজির তুলে ধরে হাওড়ার ক্ষেত্রেও দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন মামলাকারী।
কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি নিয়েও এর আগে বাম ও কংগ্রেস-সহ একাধিক রাজনৈতিক দল আপত্তি জানিয়েছিল। পুনর্বিন্যাসের প্রক্রিয়ায় নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠেছিল। এবার হাওড়া পুরসভাতেও একই ধরনের অভিযোগ সামনে আসায় পুর নির্বাচন ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি বিতর্ক তৈরি হয়েছে।হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে হাইকোর্ট শেষ পর্যন্ত কী নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের।








