ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: শিশু দিবস উপলক্ষে ছোটদের স্বাদের খেয়াল রেখে এক বিশেষ মেনু নিয়ে এল জনপ্রিয় চাইনিজ রেস্তোরাঁ চেন চাওম্যান। ‘লিটল ওকস অফ ওয়ান্ডার’ নামের এই নতুন মেনুতে রয়েছে শিশুদের পছন্দের নানা পদ, যা তাদের মন জয় করবে নিশ্চিতভাবে। স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স এবং ডেজার্ট—সবই সাজানো হয়েছে খুদে ভোজনরসিকদের কথা মাথায় রেখে। সম্প্রতি ৯৯ বালিগঞ্জ আউটলেটে এই বিশেষ মেনুর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এবং চাওম্যানের ম্যানেজিং ডিরেক্টর দেবাদিত্য চৌধুরী। এছাড়াও শতরূপা সান্যাল পরিচালিত সংস্থার একদল খুদেও উপস্থিত ছিল। মেনুর বিভিন্ন পদ চেখে দেখার পাশাপাশি ছোটদের উচ্ছ্বাসে অনুষ্ঠানস্থল এক অন্য মাত্রা পায়। নতুন মেনুতে থাকছে হানি ক্রাঞ্চ বেবি কর্ন, চিজি গ্রিন রোলস, লিটল ডিমসাম পার্টি, পাইন্যাপল চিকেন পপস এবং হানি সিসেমি চিকেন বাইটস-এর মতো মজাদার স্টার্টার। মেন কোর্সে রয়েছে রেইনবো ফ্রায়েড রাইস, বাটার গার্লিক গোল্ডেন নুডলস, লিটল সো’জ চিকেন এবং ট্যাঙ্গো ফিশ ডিলাইট। আর শেষপাতে মিষ্টিমুখের জন্য থাকছে ভেলভেটি চকোলেট মুজ।
চাওম্যানের কর্ণধার দেবাদিত্য চৌধুরী জানান, শিশুদের খাবারের প্রতি কৌতূহল এবং উত্তেজনাকে মাথায় রেখেই এই মেনু তৈরি করা হয়েছে। চেনা স্বাদের সঙ্গে নতুনত্বের মিশেলে প্রতিটি পদ সাজানো হয়েছে, যাতে খুদে অতিথিরা একটি বিশেষ অনুভূতি পায়। এটি শুধু শিশু দিবস উদযাপন নয়, বরং পরিবারের সকলের একসঙ্গে খাওয়ার আনন্দকে আরও বাড়িয়ে তোলার একটি প্রয়াস।









