ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬ : হাওড়ার রাসমনি ঘাটে ছট পুজোর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে যে, চলতি বছরই এই ঘাটে শেষবারের মতো ছট পূজা করা যাবে। আগামী বছর থেকে রাজ্য প্রশাসনকে অন্য কোনও বিকল্প জায়গার ব্যবস্থা করতে হবে। এই মর্মে একটি নির্দেশ জারি করেছে আদালত। হাইকোর্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করেছে।
নির্দেশ অনুযায়ী, পুলিশ প্রশাসনকে ঘাটে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে এবং মেটাল ডিটেক্টরের ব্যবস্থাও করতে হবে। পাশাপাশি, ৩৫০০-এর বেশি লোকের সমাগম যাতে না হয়, সেদিকেও প্রশাসনকে নজর রাখতে হবে। শনিবার দুপুর থেকে শুরু করে সোমবার সকাল ৭টা পর্যন্ত পূজা চলবে। ছট পুজো কমিটির ছয়জনের নাম আদালত নথিভুক্ত করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ৩৫০০ লোক জমা হলেই পুলিশ লোক ঢোকা বন্ধ করে দেবে। সম্পত্তির কোনও ক্ষতি হলে বা কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে, আদালতের নথিভুক্ত কমিটির ব্যক্তিরাই দায়ী থাকবেন। কোনও রকম বাজি বা পটকা ফাটানোও নিষিদ্ধ করা হয়েছে।
আদালত স্পষ্ট বার্তা দিয়েছে যে, আগামী বছর এই পূজার জন্য যেন নতুন করে কোনও মামলা না করা হয়। উল্লেখ্য, রাসমনি প্রপার্টির সেবায়েতদের তরফে জানানো হয়েছিল যে, ওই জায়গা ব্যবহার করতে দিলে হাজার হাজার লোক সমাগম করবে। তাদের দাবি ছিল, জায়গার অবস্থা খারাপ এবং ঢোকার রাস্তাও মাত্র পাঁচ ফুট। এই পরিস্থিতিতে হাইকোর্টের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ।









