ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬: শিক্ষাগত যোগ্যতার নকল বা ভুয়ো সার্টিফিকেট। এই ভুয়ো সার্টিফিকেটের মাশুল যে এত বড় দিতে হবে, তা হয়তো ভাবতেও পারেননি ইন্দোনেশিয়ার উপ-রাষ্ট্রপতি গিবরান রাকাবুমিং রাকা। শেষ পর্যন্ত পদত্যাগ করতে হল তাঁকে। ৩৯ বছর বয়সী গিবরান প্রাক্তন প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে।
গত বুধবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। উপ-রাষ্ট্রপতি গিবরানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বেশ কয়েক মাস ধরেই প্রশ্ন উঠছিল। সম্প্রতি ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালত জানায়, তিনি বিদেশ থেকে এমন কোনও ডিপ্লোমা, সার্টিফিকেট বা ডিগ্রি পেয়েছেন—যা দিয়ে প্রমাণ করা যায় তিনি হাইস্কুল পাশ করেছেন—তার বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। ইন্দোনেশিয়ার নির্বাচনী আইনে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট পদে লড়তে হলে হাইস্কুল বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক। গিবরান বিদেশে পড়াশোনা করেছিলেন। তাঁর শিক্ষাগত যোগ্যতার নথি নিয়েই তৈরি হয় বিতর্ক।
আদালতের রায়ের পর গিবরানকে সরানোর দাবি আরও জোরালো হয়। চলতি সপ্তাহে প্রায় ১২০ জন সাংসদ তাঁকে ইমপিচ করার দাবিতে আবেদন করেন। চাপের মুখে মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাবোওর সঙ্গে বৈঠক করেন গিবরান। সেখানেই তিনি পদত্যাগের ইচ্ছা জানান। পরদিন তাঁর ইস্তফার কথা প্রকাশ্যে আসে। তবে এই ঘটনা শুধু গিবরানের শিক্ষাগত সার্টিফিকেটের বিতর্কে সীমাবদ্ধ নয়, এর নেপথ্যে রয়েছে ইন্দোনেশিয়ার ক্ষমতার রাজনীতিও। আগামী ৬০ দিনের মধ্যে নতুন উপ-রাষ্ট্রপতি বেছে নেওয়া হবে।









