দুর্নীতিবাজদের মাছির মতো ছুড়ে ফেলা হবে! কড়া বার্তা সুকান্তর, ব্যাখ্যা ‘পার্টি উইথ ডিফারেন্স’ নীতির

বিজেপির নীতি নিয়ে কর্মীদের সতর্ক করলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, তৃণমূলের পথে চললে দল থেকে বাদ দেওয়া হবে।

Share:

ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬ : বিজেপির চিরাচরিত ‘পার্টি উইথ ডিফারেন্স’ নীতি নিয়ে কর্মীদের কড়া বার্তা দিলেন দলের অন্যতম শীর্ষ নেতা সুকান্ত মজুমদার। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, যারা তৃণমূল কংগ্রেসের মতো দুর্নীতি বা অন্য কোনও ভুল পথে চলার কথা ভাববেন, তাদের দল থেকে সরিয়ে দেওয়া হবে। শুক্রবার কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলায় মহিলা মোর্চার বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

সুকান্ত মজুমদার বলেন, “যদি ভাবেন তৃণমূলের পদাঙ্ক অনুসরণ করবেন, তাদের দেখানো পথে পা ফেলবেন, তাহলে দুধ থেকে তোলা মাছির মতো ছুড়ে ফেলে দেওয়া হবে। এটা বিজেপির ফর্মুলা। অনেক বড় বড় রথী মহারথীকে এরকম হতে দেখেছি।”তিনি মনে করিয়ে দেন যে, লালকৃষ্ণ আদবানির সময় থেকেই এই নীতি চলে আসছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে।

বিজেপি সভাপতি আরও বলেন, “আগামী ৫০ বছর বিজেপির সরকার রাখতে হলে, প্রতিদিন আমাদের আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে হবে আমরা বদলে যাইনি তো?” তিনি আরও যোগ করেন, “পচা আলু আমরা নিতে চাই না।” তৃণমূলীকরণের অভিযোগ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, বিজেপির পতাকা নিলেই কি তৃণমূলিকরণ হয়, নাকি বিজেপির নেতারা তৃণমূলের মতো আচরণ করলে তা তৃণমূলিকরণ? এই প্রশ্নগুলির মাধ্যমে তিনি দলের শুদ্ধতা বজায় রাখার উপর জোর দেন।