কালী বিসর্জনের রাতে সোনারপুরে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার গয়না ও নগদ লুট

কালী বিসর্জনের রাতে সোনারপুরে দুঃসাহসিক চুরির ঘটনা। লক্ষাধিক টাকার গয়না ও নগদ লুট। তদন্তে পুলিশ।

Share:

ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬ : কালীপুজোর প্রতিমা নিরঞ্জনের ব্যস্ততার সুযোগ নিয়ে সোনারপুরে এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার সাঙ্গুরে, যেখানে সরকার পরিবারের সদস্যরা যখন প্রতিমা বিসর্জনের কাজে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়ির মূল গেটের তালা ভেঙে ঘরে ঢোকে। নগদ ৫০ হাজার টাকা এবং প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার সোনা ও রুপোর গহনা লুঠ হয়েছে বলে অভিযোগ।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাত সাড়ে ১১টা পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু রাত দেড়টা নাগাদ প্রতিমা নিরঞ্জন সেরে বাড়ি ফিরে তাঁরা দেখতে পান মূল গেটের তালা ভাঙা। এরপর ঘরের ভিতরে ঢুকে দেখেন আলমারি তছনছ করা। আলমারিতে রাখা নগদ টাকা, সোনার চেন, সোনা বাঁধানো শাঁখা, কানের দুল-সহ বিভিন্ন মূল্যবান গহনা উধাও। পরিবারের দাবি, চুরি যাওয়া গয়নার আনুমানিক মূল্য ৫ থেকে ৬ লক্ষ টাকা। পুজোর বিসর্জনের ব্যস্ততার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই চুরি করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকল, চুরির ঘটনায় কতজন জড়িত এবং আগে থেকে বাড়ির উপর নজরদারি চালানো হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।