বিধবা হয়েও হার মানেননি! ৫৫-তে ডাক্তার হয়ে স্বপ্নপূরণ প্রতীক্ষার

মাত্র ২০ বছর বয়সে বিধবা হয়ে SBI-তে সাফাইকর্মীর কাজ শুরু। পরে AGM হয়ে ৫৫ বছর বয়সে হলেন ডাক্তার। প্রতীক্ষার এই জীবনকাহিনী অনুপ্রেরণা।

Share:

ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬ : মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারানোর পর একরত্তি সন্তানকে নিয়ে অথৈ জলে পড়েছিলেন প্রতীক্ষা টোন্ডওয়ালকর। আর্থিক অনটনের মধ্যে মাত্র ৬৫ টাকা মাসিক বেতনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-তে সাফাইকর্মীর কাজ শুরু করেন তিনি। কিন্তু জীবনের কঠিন পরিস্থিতি তাঁর স্বপ্নকে দমিয়ে রাখতে পারেনি।

সংসার ও সন্তানের দায়িত্ব সামলে পুরনো বই কিনে রাতে চলত তাঁর পড়াশোনা। অষ্টম শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি এবং পরে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। এই অদম্য জেদ ও পরিশ্রমের জোরেই প্রতীক্ষা ধাপে ধাপে এগিয়ে যান। সাফাইকর্মী থেকে তিনি প্রথমে মেসেঞ্জার, তারপর ক্লার্ক-কাম-ক্যাশিয়ার পদে উন্নীত হন। তাঁর দ্বিতীয় স্বামী প্রমোদ টোন্ডওয়ালকর তাঁকে আরও পড়াশোনা করতে এবং ব্যাঙ্কের অভ্যন্তরীণ পদোন্নতির পরীক্ষায় বসতে উৎসাহিত করেন। পরবর্তীতে তিনি SBI-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (AGM) এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM) পদে পৌঁছে যান।

এখানেই শেষ নয়, প্রায় ৫৫ বছর বয়সে তিনি ন্যাচারোপ্যাথি নিয়ে পড়াশোনা করে নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেন এবং ডাক্তার হন। প্রতীক্ষার এই জীবনকাহিনী অনেকের কাছেই অনুপ্রেরণা।