ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬: কাবেরী জল বণ্টন নিয়ে কংগ্রেসের অন্দরেই তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। তামিলনাড়ু কংগ্রেস নেতা মানিকম টেগোর কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন।
মেকেডাটু বাঁধ প্রকল্প নিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করে তিনি স্পষ্ট জানিয়েছেন, তামিলনাড়ুর সম্মতি ছাড়া এই প্রকল্পে এক ইঞ্চিও এগোতে দেওয়া হবে না। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ডি কে শিবকুমার বলেন যে মেকেডাটুতে বাঁধ নির্মাণ কেউ আটকাতে পারবে না এবং কেন্দ্রীয় সরকারের এর চূড়ান্ত অনুমোদন দেওয়া উচিত। এই বক্তব্যকে ‘উদ্বেগজনক’ এবং ‘তামিলনাড়ুর কৃষকদের স্বার্থের পরিপন্থী’ বলে আখ্যা দিয়েছেন মানিকম টেগোর। তাঁর অভিযোগ, কর্ণাটক একগুঁয়ে অবস্থান নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কাবেরী জলবণ্টন ট্রাইব্যুনালের চূড়ান্ত রায়কে কার্যত উপেক্ষা করছে।
মানিকম টেগোর আরও বলেন, ‘মোদীর উপস্থিতিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত নিন্দনীয়।কাবেরী নদীর জল নিয়ে তামিলনাড়ুর অধিকার রয়েছে এবং আমরা তা রক্ষা করব। কর্ণাটক সরকার যদি এই প্রকল্প নিয়ে এগিয়ে যায়, তবে আমরা রাস্তায় নেমে আন্দোলন করব।’ তিনি আরও যোগ করেন, ‘মেকেডাটুতে কর্ণাটক যাতে একটি ইটও বসাতে না পারে, তা নিশ্চিত করা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। তামিলনাড়ুর সম্মতি ছাড়া এই বাঁধ নির্মাণ আইনত সিদ্ধ হবে না।’ এই ঘটনার জেরে কংগ্রেসের অন্দরেই জল বণ্টন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।









