ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কী করবেন? বুথেই তথ্য ও নাম তোলার সুযোগের কথা জানাল কমিশন

ভোটার তালিকা থেকে নাম বাদ? সুপ্রিম কোর্টে বড় ঘোষণা কমিশনের। প্রতিটি বুথে মিলবে বাদ পড়া ভোটারদের তালিকা। কীভাবে নাম ফের তুলবেন, তার বিস্তারিত প্রক্রিয়া জানাল কমিশন।

Share:

ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬: ভোটের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে উদ্বেগ ছিল বহু মানুষের। এবার সেই সমস্যা সমাধানে বড় পদক্ষেপের কথা জানাল জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কমিশন জানিয়েছে, ভুলবশত বাদ পড়া ভোটারদের নাম ফের তালিকায় তোলার সুযোগ দেওয়া হবে এবং প্রতিটি বুথে বাদ পড়া ভোটারদের তালিকাও প্রকাশ করা হবে।

কমিশন স্পষ্ট করেছে যে, যারা রাজ্যের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন এবং ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, তাদের আর আলাদা করে ফর্ম-৮ জমা দেওয়ার প্রয়োজন নেই। পরিবর্তে, তাদের এনুমারেশন ফর্মের সঙ্গে অ্যানেক্সার-সি জমা দিতে হবে, যেখানে নতুন ঠিকানা ও বিধানসভা কেন্দ্রের উল্লেখ থাকবে। এর সঙ্গে ঠিকানার প্রমাণপত্রও জমা দিতে হবে। অন্যদিকে, যারা স্থানান্তরিত হননি কিন্তু ভুলবশত ‘অনুপস্থিত, মৃত বা ডুপ্লিকেট ভোটার’ হিসাবে চিহ্নিত হয়ে তালিকা থেকে বাদ পড়েছেন, তাদের স্বাক্ষর করা এনুমারেশন ফর্ম (অ্যানেক্সার-এ)-এর সঙ্গে অ্যানেক্সার-বি জমা দিতে হবে। এই ফর্মে তাদের জানাতে হবে কেন তারা আগে এনুমারেশন ফর্ম জমা করেননি। এই ফর্মগুলি বিএলও, ইআরও বা এইআরও-এর কাছে জমা দেওয়া যাবে।

এছাড়া, ইসিআইনেট (ECINET)-এর মাধ্যমে অনলাইনেও ই-সাইন করে আবেদন করা যাবে। জাতীয় নির্বাচন কমিশন গত ৬ নভেম্বর রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে। শীর্ষ আদালতে কমিশন আশ্বস্ত করেছে যে, ভোট দেওয়ার যোগ্য প্রত্যেক নাগরিকের নাম যাতে ভোটার তালিকায় থাকে, তা নিশ্চিত করতে তারা সম্পূর্ণ সচেতন। এই পদক্ষেপ লক্ষ লক্ষ বাদ পড়া ভোটারের জন্য স্বস্তি নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।