ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬: রাজ্যে তোলাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে এবার কড়া হুঁশিয়ারি দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। স্পষ্ট জানিয়ে দিলেন, অন্নপূর্ণা প্রকল্প থেকে শুরু করে চাকরি বা জমি সংক্রান্ত বিষয়ে তাঁর নাম করে কেউ টাকা চাইলে সরাসরি তাঁকে জানাতে হবে।
মন্ত্রী সাফ বলেছেন, “যত বড় মাপেরই নেতা হোক, টাকা চাইলেই আমাকে জানাবেন।” দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে মন্ত্রী সুমনা সরকার এই কড়া বার্তা দেন। তিনি বলেন, কোনওরকম তোলাবাজি, দাদাগিরি বা মস্তানি বরদাস্ত করা হবে না। প্রয়োজনে তিনি প্রতিটি মানুষের বাড়িতে গিয়ে প্রচার করবেন, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন। তাঁর বা দলের নাম করে ঘর, জমি বা অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা দেওয়ার নাম করে কেউ টাকা চাইলে, সরাসরি তাঁকে জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগেও রাজ্যের একাধিক নেতা-নেত্রী তোলাবাজি নিয়ে সরব হয়েছেন। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও স্বীকার করেছেন যে এখনও তোলাবাজি চলছে। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, এই তোলাবাজি বন্ধ না হলে মানুষের আস্থা ফিরবে না। সেই একই সুরে এবার সুমনা সরকারও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন। বলাগড়ের এই বিধায়ক আরও বলেন, দুর্নীতি বন্ধ করতে যতদূর নামতে হয়, তিনি ততদূর নেমে লড়াই করবেন। তাঁর বিধানসভা কেন্দ্রের কোনও নেতা, সে যেই হোক না কেন, দুর্নীতি করতে পারবেন না। মন্ত্রীর এই বার্তা সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।









