ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬ : বজবজ ইএসআই হাসপাতালে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি এবং মহিলাদের শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি।
হাসপাতালের সুপার নির্দশন দাস, স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুকান্ত বেরা এবং কাউন্সিলর ঘনিষ্ঠ দীনবন্ধু জানা-সহ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, হাসপাতাল চত্বরের একাধিক জলাশয় থেকে মাছ ধরার পাস বাবদ অবৈধভাবে মোটা অঙ্কের টাকা তোলা হচ্ছে। ২৮টি সিটের প্রতিটির জন্য তিন হাজার টাকা করে নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও, ৪ থেকে ৫টি জলকর থেকে নিয়মিত অর্থ আত্মসাৎ করা হচ্ছে। হাসপাতাল চত্বরে থাকা ৫০০-র বেশি খেজুর গাছ থেকে প্রাপ্ত আয়ও আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ।
বিজেপি নেতা অভিজিৎ দাস আরও অভিযোগ করেছেন যে, সুপার নির্দশন দাস, কাউন্সিলর সুকান্ত বেরা এবং দীনবন্ধু জানা মিলে হাসপাতালটিকে কার্যত নিজেদের ‘পরিবারতন্ত্রে’ পরিণত করেছেন। এর পাশাপাশি, হাসপাতালে মহিলাদের শ্লীলতাহানির মতো অত্যন্ত গুরুতর ঘটনার অভিযোগও তোলা হয়েছে, যা জনমনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। যদিও, বজবজ ইএসআই হাসপাতালের সুপার নির্দশন দাস এই সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তাঁর এবং হাসপাতালের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগই সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এই ধরনের কোনও আর্থিক লেনদেন বা অনিয়মের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও যোগ নেই বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন।









