ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬: এক সময়ের চর্চিত জুটি রেশমি দেশাই ও নন্দীশ সিং সান্ধু। ‘উত্তরণ’ ধারাবাহিকের সেই হিট জুটি আজও দর্শকদের মনে গেঁথে আছে। তবে তাঁদের প্রেম টেকেনি। তিক্ততা ও অশান্তির মধ্যে দিয়ে শেষ হয়েছিল সম্পর্ক। সেই অতীত এবার পুরোপুরি মুছে ফেললেন নন্দীশ। প্রাক্তন স্ত্রী রেশমিকে পিছনে ফেলে নতুন জীবন শুরু করলেন অভিনেতা। এবার তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন এক বাঙালি মেয়েকে। নিজের থেকে বয়সে ১১ বছরের ছোট অভিনেত্রী কবিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন নন্দীশ।
সূত্রের খবর, গত ১৪ নভেম্বর একেবারে সাবেকি বাঙালি রীতি মেনে হুগলিতে বিয়ের পিঁড়িতে বসেন যুগল। গত বছর সেপ্টেম্বরেই চুপিসারে বাগদান সেরেছিলেন তাঁরা। এবার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হল নন্দীশ ও কবিতার। বিয়ের আগে থেকেই শুরু হয়েছিল জমজমাট সেলিব্রেশন। গায়ে হলুদ, মেহেন্দি থেকে জমকালো সঙ্গীত, কোনও কিছুই বাদ যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিয়োতে ধরা পড়েছে তাঁদের বিয়ের নানান সুন্দর মুহূর্ত।
ধুতি-পাঞ্জাবি ও লাল বেনারসিতে খাঁটি বাঙালি সাজে নন্দীশ ও কবিতাকে দেখে মুগ্ধ অনুরাগীরাও। বিয়ের আগে সঙ্গীতের আসরে চুটিয়ে নাচতেও দেখা গিয়েছে নতুন জুটিকে। সেই ভিডিয়ো পোস্ট করে আবেগপ্রবণ নন্দীশ লেখেন, ‘বিয়ের আগে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। যাঁরা আমাকে এত ভালোবাসা ও আশীর্বাদ দিয়েছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।’
তবে নন্দীশের এই নতুন শুরুর খবরের মাঝেই বারবার উঠে আসছে রেশমি দেশাইয়ের নাম। ২০১২ সালে ধুমধাম করে বিয়ে সারেন নন্দীশ-রেশমি। কিন্তু কয়েক বছরের মধ্যেই সম্পর্কে ফাটল ধরে। ২০১৬ সালে আইনি বিচ্ছেদ হয়। সেই সময় প্রাক্তন স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের মতো মারাত্মক অভিযোগ এনেছিলেন রেশমি। সেই ভয়াবহ স্মৃতি পিছনে ফেলে অভিনেত্রী এখন অনেকটাই পরিণত।









