ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬: সামরিক প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ডে ফের প্রাণহানি কানাডায়! আলবার্টার ওয়েনরাইট সামরিক ঘাঁটিতে ঘাসে আগুন লাগার ঘটনায় মৃত্যু হল আরও এক সেনার। সবমিলিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। মৃত সেনার নাম প্রাইভেট উইলিয়াম ডগলাস ডাল বিয়াঙ্কো। শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কানাডার সশস্ত্র বাহিনী।
গত ১৭ অক্টোবর লাইভ-ফায়ার প্রশিক্ষণ চলাকালীন আগুনের সূত্রপাত হয়। প্রবল হাওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা প্রশিক্ষণ এলাকায়। প্রথমে চারজনের মৃত্যু হয়। আহত হন মোট ৩৮ জন সেনাকর্মী। তাঁদের মধ্যে ২৪ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে ১৪ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘাঁটির গ্রেনেড রেঞ্জে গ্রেনেড লঞ্চার থেকে গুলি চালানোর সময় আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিপজ্জনক এলাকায় অবিস্ফোরিত বিস্ফোরক থাকার আশঙ্কায় দমকলকর্মীরা প্রথমদিকে আগুন নেভানোর কাজ শুরু করতে পারেননি।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টিও নিহত সেনার পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শান্তিকালীন সময়ে দেশের মাটিতে সেনাবাহিনীর অন্যতম ভয়াবহ বিপর্যয় বলে ঘটনাটিকে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।









