শেয়ার বাজারে AI-র দাপট রুখতে SEBI-র নতুন চাল! বিনিয়োগকারীদের সুরক্ষায় আসছে কড়া নিয়ম

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সুরক্ষায় SEBI শীঘ্রই AI ব্যবহারের নতুন নির্দেশিকা জারি করবে। সেবির চেয়ারম্যান তুহিন পান্ডে এই ঘোষণা করেছেন।

Share:

ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬: শেয়ার বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার বাড়ছে দ্রুত। কিন্তু প্রযুক্তির এই অগ্রগতির আড়ালে যাতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI। শেয়ার বাজারে AI ব্যবহারের জন্য শীঘ্রই বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান তুহিন কান্ত পাণ্ডে।

প্রস্তাবিত নির্দেশিকায় AI ব্যবহারের ক্ষেত্রে একাধিক সুরক্ষাবিধি রাখা হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে স্বচ্ছতা, তথ্য প্রকাশ, দায়বদ্ধতা এবং মানবিক নজরদারির উপর। অর্থাৎ, AI কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেও সেখানে মানুষের তদারকি বজায় রাখতে হবে। এই ব্যবস্থাকে বলা হচ্ছে ‘Human-in-the-loop’ পদ্ধতি। পাশাপাশি, AI ব্যবহারের ফলে কোনও ভুল বা ক্ষতি হলে সংশ্লিষ্ট নিয়ন্ত্রিত সংস্থাকেই তার দায় নিতে হবে।

SEBI-র চেয়ারম্যান জানান, ২০২৫ সালের জুনেই AI ও Machine Learning ব্যবহারের বিষয়ে প্রাথমিক প্রস্তাব প্রকাশ করা হয়েছিল। মূল লক্ষ্য, প্রযুক্তির সুবিধা কাজে লাগানোর পাশাপাশি বাজারের স্বচ্ছতা, আর্থিক স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের নিরাপত্তা বজায় রাখা।

এদিকে, সাইবার জালিয়াতি ও আর্থিক প্রতিষ্ঠানের উপর ক্রমবর্ধমান সাইবার হামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুয়ো বিনিয়োগের পরামর্শ এবং প্রতারণামূলক স্টক টিপসের বিষয়েও সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা। নজরদারি জোরদার করতে SEBI ইতিমধ্যেই ‘সুদর্শন’ নামে বিশেষ প্রযুক্তিগত টুল তৈরি করেছে।

শুধু AI নয়, কোয়ান্টাম কম্পিউটিংয়ের সম্ভাব্য সাইবার ঝুঁকি মোকাবিলার প্রস্তুতিও শুরু করেছে সংস্থা। সব মিলিয়ে, প্রযুক্তিনির্ভর শেয়ার বাজারকে আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য করে তুলতেই SEBI-র এই উদ্যোগ। নতুন নির্দেশিকা কার্যকর হলে বাজারে AI ব্যবহারের ক্ষেত্রে বাড়তে পারে স্বচ্ছতা ও জবাবদিহি।