ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬: উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ফের উত্তপ্ত পরিস্থিতি। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে প্রাণ হারালেন ১৪ নম্বর ওয়ার্ডের সম্পাদক রুমা সাহার স্বামী অরূপ সাহা। অভিযোগ, সোদপুর বাজার চত্বরে বচসা ও ধাক্কাধাক্কির জেরে অসুস্থ হয়ে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় সরাসরি দলের জেলা সভাপতির দিকে অভিযোগের আঙুল তুলেছেন পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ। জানা গেছে, সোদপুর বাজারে কিছু যুবকের অশালীন ব্যবহারের প্রতিবাদ করেন এক ব্যবসায়ী।
রুমা সাহা পরিস্থিতি সামাল দিলেও, কিছুক্ষণ পরেই ফের উত্তেজনা ছড়ায়। রুমা তাঁর স্বামী অরূপ সাহাকে নিয়ে সেখানে পৌঁছলে দুই পক্ষের বচসা ধাক্কাধাক্কিতে পরিণত হয়। তাতেই অরূপ সাহা অসুস্থ হয়ে পড়েন এবং কামারহাটি সাগর দত্ত হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত অরূপ সাহার স্ত্রী রুমা সাহা জানান, অশান্তি থামাতে গেলে তাঁর স্বামীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। তিনি রাজদীপ নামে এক যুব সভাপতি এবং ১৪ নম্বর ওয়ার্ডের ননী সহ কয়েকজনের নাম উল্লেখ করে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।
এই মর্মান্তিক ঘটনায় পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ তীব্র ক্ষোভ প্রকাশ করে সরাসরি বিজেপির জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, জেলা সভাপতি তৃণমূল থেকে আসা কিছু ব্যক্তিকে ওয়ার্ড কনভেনার পদে বসিয়েছেন, যারা এলাকায় অশান্তি পাকাচ্ছে। বিধায়িকা ও রুমা সাহা দুজনেই মুখ্যমন্ত্রীর কাছে হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।









