স্ত্রী ফিরতে নারাজ, রাগের বশে প্রতিবেশী মহিলা ও ১৪ বছরের মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ! পূর্ব মেদিনীপুরে চাঞ্চল্য

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে স্ত্রীকে ফিরিয়ে নিতে না পেরে প্রতিবেশী মহিলা ও তাঁর নাবালিকা মেয়েকে বটি দিয়ে কোপানোর অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত সাহেব প্রধান

Share:

ব্যুরো নিউজ, ১৭ নভেম্বর ২০২৬ : পূর্ব মেদিনীপুরের পটাশপুরে পারিবারিক অশান্তির জেরে ভয়াবহ হামলার অভিযোগ। স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে না পেরে প্রতিবেশী এক মহিলা ও তাঁর ১৪ বছরের মেয়েকে বটি দিয়ে কোপানোর অভিযোগ উঠল সাহেব প্রধান নামে এক যুবকের বিরুদ্ধে। শনিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বড়হাট চক এলাকায়। গুরুতর জখম অবস্থায় মা ও মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ছয় বছর আগে বিয়ে হয়েছিল সাহেবের। তাঁদের একটি সন্তানও রয়েছে। তবে দাম্পত্য অশান্তির কারণে প্রায় তিন বছর আগে সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে যান তাঁর স্ত্রী। এরপর থেকেই স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছিলেন সাহেব। শনিবারও সেই উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে যান তিনি। কিন্তু স্ত্রী ফিরতে অস্বীকার করায় সেখান থেকে বেরিয়ে যান।

অভিযোগ, কিছুক্ষণ পর শ্বশুরবাড়ির প্রতিবেশীর ১৪ বছরের মেয়েটি স্কুল থেকে বাড়ি ফেরার সময় তার উপর বটি নিয়ে হামলা চালান সাহেব। মেয়েকে বাঁচাতে ছুটে এলে তাঁর মাকেও কোপানো হয়। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেলেও সোমবার তাকে গ্রেফতার করে পুলিশ। আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।