ফেসবুকে মোদির বিকৃত ছবি পোস্টের অভিযোগ! পুরশুড়ায় পুলিশের জালে যুবক

মোদির বিকৃত ছবি ফেসবুকে পোস্টের অভিযোগে পুরশুড়ার চিলাডাঙ্গি থেকে রোহিত মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। মোবাইল ও পোস্টের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।

Share:

ব্যুরো নিউজ, ১৯ নভেম্বর ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে পুরশুড়ায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম রোহিত মণ্ডল। তাঁর বাড়ি চিলাডাঙ্গি গ্রামে। মঙ্গলবার তাঁকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ফেসবুকে প্রধানমন্ত্রীর একটি বিকৃত ছবি পোস্ট করা হয় বলে অভিযোগ। পোস্টটি স্থানীয় বিজেপি নেতৃত্বের নজরে আসার পর পুরশুড়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়।

অভিযোগকারীদের দাবি, ছবিটি আপত্তিকরভাবে বিকৃত করে প্রকাশ করা হয়েছিল এবং তা ছড়িয়ে পড়ায় এলাকায় ক্ষোভ তৈরি হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চিলাডাঙ্গি থেকে রোহিতকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। ফেসবুক অ্যাকাউন্ট এবং সংশ্লিষ্ট পোস্টের সত্যতা যাচাই করা হচ্ছে। কী উদ্দেশ্যে ছবিটি পোস্ট করা হয়েছিল, তা জানতে যুবককে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে এবং পুরো বিষয়টি এখনও তদন্তাধীন। এ ছাড়াও, বন্দুক হাতে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ রয়েছে রোহিতের বিরুদ্ধে। সেই ছবিও ভাইরাল হয়েছিল বলে জানা গিয়েছে।

বন্দুকটি আসল না নকল, তা পরীক্ষা করে দেখছে পুলিশ। অন্যদিকে, ধৃতের পরিবারের দাবি, ছবির ঘটনাটি ভুলবশত হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে পুরশুড়ায় আলোচনা চলছে।