ভণ্ডামির একটা লিমিট থাকে..! জোকার ইমোজি দিয়ে জীতুকে খোঁচা প্রাক্তন স্ত্রী নবনীতার

বিগ বস বাংলার টিকিট টু ফিনালে টাস্কে সৌরভকে ধাক্কা দেওয়ার পর জীতুকে ইঙ্গিত করে কটাক্ষ দিতিপ্রিয়া রায় ও প্রাক্তন স্ত্রী নবনীতার।

Share:

ব্যুরো নিউজ,২০শে নভেম্বর ২০২৬ : বিগ বস বাংলার ঘরে এখন খেলার বদলে বিশ্বাসঘাতকতার আগুন। ‘টিকিট টু ফিনালে’ টাস্কে যা ঘটল, তাতে গোটা বাংলা স্তম্ভিত। রিকশায় বসা দুই প্রতিযোগী জীতু কমল ও সৌরভ দাস। নিয়ম ছিল একে অপরকে সরিয়ে টিকে থাকা, তবে খেলাটি এতটা নোংরা হবে, কেউ ভাবেনি। অভিযোগ, জীতু সৌরভের কানে কানে শপথ করেছিলেন, নিজে হেরে সৌরভকে জেতাবেন। সেই কথায় ভরসা করে সৌরভ অসতর্ক হতেই ধাক্কা এল। “সরি সৌরভ” বলে জীতু সজোরে ঠেলে তাঁকে রিকশা থেকে ফেলে দিলেন। ছাউনি ভেঙে পড়ল সৌরভের ওপর, শরীর কাটল, রক্ত ঝরল, ভাঙল বিশ্বাস।

ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় জীতুকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। সমালোচনার চাপ সামলাতে না পেরে গভীর রাতে ক্যামেরার সামনে এসে টিকিট ফিরিয়ে দেওয়ার আবেদন জানান তিনি, তবে ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। এ নিয়ে ফেসবুকে কড়া সমালোচনা করেন পরিচালক অয়ন সেনগুপ্ত। সেই পোস্টের কমেন্টে বোমা ফাটান জীতুর প্রাক্তন সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। নাম না করে তিনি লিখেছেন, “আমি যদি কোনও অপরাধ করে ‘দুঃখিত’ বলি, তাহলেই কি ছাড় পেয়ে যাব? বিচারকের সামনে গিয়ে ক্ষমা চাইতে হবে তো?” এই একটি লাইনেই জীতুর ‘সরি সৌরভ’ নাটক প্রশ্নের মুখে পড়ে।

এতেই শেষ হল না; এই বিবাদের আগুনে ঘি ঢাললেন জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসও। ইনস্টাগ্রাম স্টোরিতে নাম উল্লেখ না করে দুটি জোকারের ইমোজি সহ লিখলেন, “ভণ্ডামির একটা সীমা থাকে..”। এই একটি লাইনই আগুনে আরও হাওয়া দিতে যথেষ্ট। জীতুর “শিবের দিব্যি” বলা, তারপর ধাক্কা, আর রাতে ক্যামেরার সামনে টিকিট ফেরানোর আর্জি, এই তিন ঘটনা পরপর সাজালে নবনীতার পোস্ট কার উদ্দেশে, তা নিয়ে আর সংশয় থাকে না। দুই প্রাক্তনের একই সুরের আক্রমণের মাঝে একা দাঁড়িয়ে জীতু।