ব্যুরো নিউজ,২০শে নভেম্বর ২০২৬ : ভাগ্যের কী নির্মম পরিহাস! যে বয়সে মায়ের আঁচলে দুধ খাওয়ার কথা, ছোট পায়ে টলমল করে জঙ্গল চেনার কথা, সেই সাত সপ্তাহের হস্তিশাবক রাজাকে এখন জীবন-মৃত্যুর লড়াই লড়তে হচ্ছে। ভাঙা পা, দুর্বল শরীর, একের পর এক রোগ, তবুও হাল ছাড়েনি সে। তাকে বাঁচাতে অসম থেকে সুদূর জামনগরে বিশেষ বিমানে নিয়ে যাওয়া হচ্ছে।!
শুক্রবার, ২০ নভেম্বর ভান্তারা এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়। বিবৃতি অনুযায়ী, গুয়াহাটি থেকে জামনগরে পৌঁছতে প্রায় চার ঘণ্টা লাগবে; সড়কপথে ২,৫০০ কিলোমিটারের বেশি পাড়ি দিতে হত। ভাঙা পা ও একাধিক শারীরিক সমস্যায় ভোগা রাজার জন্য সেই দীর্ঘ পথ কতটা বিপজ্জনক হত, তা বলাই বাহুল্য। তাই আকাশপথই বেছে নেওয়া হয়েছে। জামনগরের অত্যাধুনিক ভান্তারা চিকিৎসাকেন্দ্রে তাঁর উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা হবে।
ভান্তারার বিবৃতি অনুযায়ী, ২০২৬ সালের ২ অক্টোবর অসমের গোগামুখে জন্ম হয় রাজার। জন্মের পরেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। তার ১১ বছর বয়সি মা, হয়তো প্রথমবার মা হওয়ার ভয়ে-আতঙ্কে, শাবকটিকে লাথি মেরে বসে। আর সেই এক লাথিতেই ভেঙে যায় রাজার ডান পায়ের উরুর হাড়, অর্থাৎ ফিমার। সম্পূর্ণ ভেঙে যায় হাড়টা। চোট এতটাই গুরুতর ছিল যে, সে দাঁড়াতে পারছিল না, শরীরের ভার পর্যন্ত নিতে পারছিল না। জন্মের পর মায়ের প্রথম দুধ, কলোস্ট্রামও খেতে পারেনি সে। অথচ সদ্যোজাতের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এই দুধই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুরু থেকেই তাই লড়াইটা কঠিন হয়ে যায় রাজার জন্য।
এরপর তাকে বাঁচাতে জোর চেষ্টা চলে। ৮ অক্টোবর ভান্তারার পশু চিকিৎসকদের বিশেষ দল অসমে পৌঁছে এক্স-রেতে হাড় ভাঙার বিষয় নিশ্চিত করে। সঙ্গে সঙ্গে রাজার পায়ে প্লাস্টার ও ব্যান্ডেজ লাগানো হয়। ১০ অক্টোবর তাকে অসমের পোহুমারায় মালিকের বাড়িতে এনে চিকিৎসা চালানো হয়। কিন্তু ভাগ্য যেন কিছুতেই সঙ্গ দিচ্ছিল না।









