ব্যুরো নিউজ,২০শে নভেম্বর ২০২৬ : ইউক্রেনের আকাশে যখন ড্রোনের গর্জন, মাটির নিচে যখন মাইনের নীরব মৃত্যুফাঁদ, আর সীমান্তজুড়ে যখন অবিরাম গোলাগুলি — তখন সেই ভয়াবহতার মাঝখানে নিঃশব্দে লড়াই চালিয়ে যাচ্ছে আরেকটি প্রজন্ম। তারা ভোট দেয় না, তারা যুদ্ধ ঘোষণা করে না, তারা কোনো পক্ষ নেয় না। তবুও যুদ্ধের সবচেয়ে নির্মম মূল্য দিতে হচ্ছে তাদেরই। তারা হলো ইউক্রেনের বন্যপ্রাণী — কৃষ্ণসাগরের ডলফিন থেকে শুরু করে উত্তরের গভীর অরণ্যের মুজ, আর আকাশে ডানা মেলা সাদা সারস পর্যন্ত।
একসময় যে জল ছিল ডলফিনের খেলার জায়গা, যে বন ছিল মুজের নিরাপদ আশ্রয়, যে জলাভূমি ছিল সারসের বাসা — আজ সেগুলোই মৃত্যুফাঁদ। যুদ্ধক্ষেত্রে ছড়ানো অ্যান্টি-ড্রোন জাল আকাশ-জলের মাঝে অদৃশ্য দেয়াল হয়ে আছে। শত্রুর ড্রোন আটকানোর জন্য পাতা জালে এখন আটকে পড়ছে পাখি ও নিরীহ প্রাণী। ওড়া, পালানো, সাঁতার কাটার সময় তারা জড়িয়ে যাচ্ছে এমন যুদ্ধফাঁদে, যার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
আর মাটির নিচেও ভয়ঙ্কর বিপদ লুকিয়ে। মাইনফিল্ড। একটু ভুল পদক্ষেপেই মৃত্যু। বড় হোক বা ছোট, খাবার, জল বা নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরোলেই বিপদ ওত পেতে থাকে। যে পথ ছিল নির্বিঘ্ন, আজ সেটিই সবচেয়ে বিপজ্জনক। বন্যপ্রাণীরা বুঝতে পারছে না, কেন চেনা বন অচেনা হলো, কেন পরিচিত নদী হঠাৎ ভয়ের কারণ হয়ে উঠল।
সরাসরি সংঘর্ষের এলাকায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। গোলাগুলির শব্দে কেঁপে ওঠে পুরো অরণ্য। বোমায় পুড়ছে বাসা, ভাঙছে আবাস, তছনছ হচ্ছে খাদ্যশৃঙ্খল। সারস নিরাপদে বাসা বাঁধতে পারছে না, মুজ পালানোর পথ পাচ্ছে না, ডলফিনও সমুদ্রের গভীরে শান্তি পাচ্ছে না। যুদ্ধ যত দীর্ঘ হয়, তাদের বাঁচার লড়াই ততই কঠিন হয়। এ চিত্র কেবল কয়েকটি প্রজাতির নয়; স্থল ও জল, দুই জগতেরই। যুদ্ধের ক্ষত মানুষের দেহেই সীমাবদ্ধ থাকে না, মাটি, জল, আকাশ ও সমগ্র প্রকৃতিতে ছড়ায়।









