টানা বৃষ্টির জের! কালনা রাজবাড়ি চত্বরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জরাজীর্ণ ভবনের দেওয়াল

টানা বৃষ্টিতে কালনা রাজবাড়ি চত্বরের পুরনো সেটেলমেন্ট অফিসের ভবনের দেওয়াল ও প্যারাপেট ভেঙে পড়েছে। আতঙ্কিত বাসিন্দারা দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Share:

ব্যুরো নিউজ, ২১ সেপ্টেম্বর ২০২৬ : টানা বৃষ্টিতে আরও বিপজ্জনক হয়ে উঠেছে কালনা রাজবাড়ি চত্বরের পুরনো সেটেলমেন্ট অফিসের জরাজীর্ণ ভবনটি। গত রাতে, প্রায় তিনটে নাগাদ, ভবনের উপরের প্যারাপেট এবং দেওয়ালের একাংশ ভেঙে পড়ে। ভাঙা অংশের কিছুটা এসে পড়ে রাস্তার উপরেও। ঘটনায় কালনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়েছে।

ভবনটির বাসিন্দাদের আশঙ্কা, যেকোনও মুহূর্তে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাঁরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাঁদের। দীর্ঘদিন ধরেই ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। একটানা বৃষ্টিতে ভবনের বিভিন্ন অংশ আরও দুর্বল হয়ে পড়েছে বলে আশঙ্কা করছেন তাঁরা। বেশ কিছু অংশ বিপজ্জনকভাবে ঝুঁকে থাকায় আতঙ্কের মধ্যে দিন কাটছে বাসিন্দাদের। ভেঙে পড়া অংশ সরানো এবং ভবনের বাকি বিপজ্জনক অংশের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

ভবনের বাসিন্দা সুমিতা দাস জানান, দিনের বেলায় তাঁরা বাড়ির বারান্দায় রান্নাবান্না ও খাওয়াদাওয়া করেন। রাতে ঘরের ভিতরে ঘুমোতে যান। তাঁর কথায়, রাত তিনটের সময় আচমকা প্যারাপেট ভেঙে পড়ায় তাঁরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। ১২ বছরের ছেলেকে নিয়ে এমন বিপজ্জনক ভবনে থাকা যথেষ্ট ঝুঁকির বলেও জানিয়েছেন তিনি।

সুমিতার অভিযোগ, আমফান ঝড়ের সময়ও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন বিষয়টি এসডিও অফিস ও পুলিশ প্রশাসনকে জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে তাঁর দাবি। বিপজ্জনক অংশ দ্রুত ভেঙে সরিয়ে দেওয়ার জন্য পৌরসভা ও প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তিনি। ভবনের অন্য বাসিন্দারাও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।