ব্যুরো নিউজ, ২১ সেপ্টেম্বর ২০২৬ : শনিবার খড়্গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও কর্মশক্তির প্রশংসা করেন তিনি। একই সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা এফআইআর নিয়ে কটাক্ষ করেন সুকান্ত। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে আগের দিন অভিষেকের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় এফআইআর দায়ের হয়েছিল। পাল্টা, থানা ছাড়ার আগে বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানান তৃণমূল সাংসদ।
অভিষেকের এই পদক্ষেপ প্রসঙ্গে সুকান্ত বলেন, তাঁর বিরুদ্ধে এফআইআর হওয়াকে তিনি গর্বের বিষয় বলে মনে করেন। তাঁর কথায়, “চোর যদি আপনার বিরুদ্ধে এফআইআর করে, তা হলে সেটা আমাদের কাছে সার্টিফিকেট বা মেডেলের মতো।” এফআইআর করে রাজনীতি হয় না বলেও মন্তব্য করেন তিনি। বজবজের একটি ঘটনার কথাও তুলে ধরেন সুকান্ত। তাঁর দাবি, সেখানে গেলে প্রায় এক হাজার লোক তাঁকে ঘিরে ধরেছিল, কিন্তু তিনি থামেননি।
রাজনৈতিক লড়াই রাস্তায় নেমে করতে হয় বলেও মন্তব্য করেন বিজেপি নেতা। প্রধানমন্ত্রীকে নিয়ে সুকান্ত বলেন, মোদির বডি ল্যাঙ্গুয়েজ ও এনার্জি দেখে তাঁর মনে হয়েছে, প্রধানমন্ত্রীর বয়স যেন আরও ১০ বছর কমেছে এবং তিনি পুরনো ছন্দে ফিরেছেন। মোদির নেতৃত্বাধীন সরকারকে চ্যালেঞ্জ করার চেষ্টা করলে সংশ্লিষ্টরা “মূর্খের স্বর্গে” থাকবেন বলেও মন্তব্য করেন তিনি।
খড়্গপুর আইআইটির উন্নতির প্রসঙ্গে সুকান্ত জানান, কিউএস র্যাঙ্কিংয়ে প্রতিষ্ঠানটি ২১৫ থেকে ২০৫তম স্থানে উঠেছে। তাঁর লক্ষ্য, আইআইটিকে ২০০-র মধ্যে নিয়ে আসা। তিনি আরও দাবি করেন, ১২ বছরে দারিদ্র্যের হার ১৫ শতাংশে নামানো হয়েছে। বাংলায় নতুন সরকার আসার পর ১০০ শতাংশ স্যাচুরেশন তাঁর লক্ষ্য বলেও জানান সুকান্ত।









