ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: নৌসেনা দিবস ২০২৬ উপলক্ষে কলকাতায় এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ INS সুমেধা। খিদিরপুর ডকের ১১ নম্বর বার্থে নোঙর করেছে জাহাজটি। আগামী ২২ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টে এবং ২৩ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত সাধারণ মানুষ এটি ঘুরে দেখতে পারবেন। প্রবেশের জন্য বৈধ ফটো পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক।
গোয়া শিপইয়ার্ড লিমিটেডে তৈরি INS সুমেধা ২০১৪ সালের ৭ মার্চ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়। এটি সরিউ শ্রেণির একটি মাল্টি-মিশন অফশোর প্যাট্রল ভেসেল। পূর্ব নৌ কমান্ডের অধীনে বিশাখাপত্তনমে মোতায়েন রয়েছে জাহাজটি। বর্তমানে কমান্ডার হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে পরিচালিত হচ্ছে এটি। সামুদ্রিক নজরদারি, জলদস্যু দমন, নিরাপত্তা রক্ষা এবং উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যুদ্ধজাহাজ।
২০২৩ সালে সুদানের গৃহযুদ্ধের সময় ভারতীয় নাগরিকদের উদ্ধারে পরিচালিত ‘অপারেশন কাবেরী’-তে অংশ নিয়েছিল INS সুমেধা। প্রতিকূল পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় জাহাজটি।
এছাড়াও ২০২৪ সালের মার্চে সোমালিয়ার উপকূলে জলদস্যুদের কবলে পড়া ইরানের মাছ ধরার জাহাজ FV Al-Kambar 786 উদ্ধারের অভিযানেও অংশ নেয় INS সুমেধা। ওই অভিযানে ২৩ জন পাকিস্তানি নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয় এবং ৯ জন জলদস্যুকে আটক করা হয়েছিল।
নৌসেনা দিবস উপলক্ষে কলকাতায় এই যুদ্ধজাহাজের উপস্থিতি সাধারণ মানুষের কাছে ভারতীয় নৌবাহিনীর সামরিক সক্ষমতা ও অভিযান সম্পর্কে জানার বিশেষ সুযোগ তৈরি করেছে।









