বিষমদে মৃত্যু মিছিল মণিপুরে! মৃত ১৬, হাসপাতালে ৩৭০-র বেশি

মণিপুরের চান্দেল ও কাকচিং জেলায় সন্দেহজনক ভেজাল মদ পান করে অন্তত ১৬ জনের মৃত্যু। অসুস্থ ৩৭০-র বেশি, তদন্তে নেমেছে পুলিশ।

Share:

ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: বিষমদে কার্যত মৃত্যুফাঁদ মণিপুরে! ভেজাল মদ পান করে প্রাণ হারালেন অন্তত ১৬ জন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৩৭০-রও বেশি মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মণিপুরের চন্দেল ও কাকচিং জেলায়। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন ও স্বাস্থ্য দফতর।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, চন্দেল জেলার চাকপিকারং এবং ওয়েস্টার্ন ভ্যালি এলাকায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটে। পাশাপাশি কাকচিং জেলার সুগ্নু এলাকাতেও প্রাণ হারিয়েছেন সাতজন। গত ১৫ থেকে ২০ নভেম্বরের মধ্যে এই মৃত্যুগুলি ঘটেছে বলে খবর। আক্রান্তদের মধ্যে অনেকেরই বমি, পেটে ব্যথা, মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আইসিইউতে রাখা হয়েছে।

জানা গিয়েছে, ইম্ফলের শিজা হাসপাতালে ৩১২-রও বেশি এবং বাবিনা হাসপাতালে ৬০ জন রোগী ভর্তি হয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং। চিকিৎসকদের সঙ্গে কথা বলে আক্রান্তদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ঘটনার তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে সন্দেহ, সুগ্নু এলাকা থেকেই সরবরাহ করা হয়েছিল ওই দূষিত মদ। তবে বিষক্রিয়ার সঠিক কারণ এখনও বৈজ্ঞানিকভাবে নিশ্চিত হয়নি। দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।