ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: পার্কে ঘুরতে গিয়ে ভয়াবহ হামলার শিকার এক যুগল! প্রকাশ্যে লাঠি দিয়ে মারধর, ঘিরে ধরে হেনস্থা, এমনকী প্রাণে বাঁচতে পালানোরও চেষ্টা করতে হয় তাঁদের। মুম্বইয়ের কুরলা পশ্চিমের একটি পার্কে ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিযুক্ত আট নাবালককে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ফিনিক্স মলের পিছনে প্রমোদ মহাজন গার্ডেনে। জানা গিয়েছে, নবি মুম্বইয়ের বাসিন্দা ওই যুগল পার্কে ছবি তুলছিলেন। সেই সময় ৮-১০ জন কিশোর তাঁদের উদ্দেশে কটূক্তি করে বলে অভিযোগ। প্রতিবাদ করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর দলবদ্ধভাবে যুগলকে ঘিরে ধরে হামলা চালায় অভিযুক্তরা।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন কিশোর কাঠের লাঠি দিয়ে যুবককে মারছে। কেউ আবার ঘুষি মারছে তাঁর মুখে। সঙ্গীকে বাঁচাতে বারবার এগিয়ে আসেন তরুণী। শেষ পর্যন্ত কোনওরকমে সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন তাঁরা।
ভিডিওটি প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। ঘাটকোপার থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হবে। তাদের অভিভাবকদেরও নোটিস পাঠিয়েছে পুলিশ।









