মাসে ২ হাজার টাকার লোভ! ঠাকুমাকেই খুন নাতির, গ্রেফতার বাবা-ছেলে

কর্নাটকের বেলগাভিতে ‘গৃহ লক্ষ্মী’ প্রকল্পের মাসিক ২ হাজার টাকা নিয়ে বিবাদের জেরে ৭৮ বছরের ঠাকুমাকে খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে।

Share:

ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: মাসে মাসে সরকারি প্রকল্পের ২ হাজার টাকা! আর সেই টাকার ভাগ না পেয়ে নিজের ৭৮ বছরের ঠাকুমাকেই খুন করার অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে। শুধু তাই নয়, খুনের পর প্রমাণ লোপাট করতে বৃদ্ধার দেহ বস্তায় ভরে পাথর বেঁধে বাঁধের জলে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেলাগাভি জেলার হুক্কেরি তালুকের আরালিকাট্টি গ্রামে।

মৃত বৃদ্ধার নাম হাম্মাভা সানাদি। অভিযুক্ত নাতি ভীমাপ্পা সানাদি। পুলিশ সূত্রে খবর, কর্নাটক সরকারের ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পে প্রতি মাসে ২ হাজার টাকা পেতেন হাম্মাভা। সেই টাকার ভাগ চেয়ে দীর্ঘদিন ধরেই ঠাকুমার উপর চাপ সৃষ্টি করছিল নাতি। গত ১০ নভেম্বর বাজারে নিয়ে যাওয়ার নাম করে তাঁকে মোটরবাইকে চাপিয়ে নিয়ে যায় অভিযুক্ত। অভিযোগ, গাভি সিদ্ধেশ্বর পাহাড়ের কাছে টাকা নিয়ে বচসার জেরে ঠাকুমাকে শ্বাসরোধ করে খুন করে সে।

এরপর দেহ দুটি বস্তায় ভরে পাথর দিয়ে বেঁধে হিডকাল বাঁধের জলে ফেলে দেওয়া হয়। বৃদ্ধার দেহ উদ্ধার হয় ১৫ নভেম্বর। তদন্তে নেমে নাতিকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় বাবার ভূমিকা নিয়েও তদন্ত শুরু হয়। ছেলের অপরাধ জানার পরও পুলিশকে না জানানোর অভিযোগে বাবা রামাপ্পা সানাদিকেও গ্রেফতার করা হয়েছে।