ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: ২০২৭ সালের উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি! News18-এর মেগা সমীক্ষায় উঠে এল তেমনই ইঙ্গিত। সমীক্ষা অনুযায়ী, ভোটের লড়াইয়ে কংগ্রেসের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। ফলে পরপর তৃতীয়বার উত্তরাখণ্ডে সরকার গড়ার স্বপ্ন দেখছে বিজেপি।
সমীক্ষার হিসেব বলছে, সম্ভাব্য ভোটের নিরিখে বিজেপির সমর্থন ৫৩.৪ শতাংশ। অন্যদিকে, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৩৬.৬ শতাংশ ভোট। অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান প্রায় ১৬.৮ শতাংশ। সমীক্ষায় অংশগ্রহণ করেছেন ১০,২৩৫ জন। রাজ্যের ১৩টি জেলার মধ্যে সাতটি জেলার মানুষের মতামত নেওয়া হয়েছে, যা উত্তরাখণ্ডের জনসংখ্যার প্রায় ৮০ শতাংশকে প্রতিনিধিত্ব করে।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির জনপ্রিয়তাও বিজেপির বড় শক্তি বলে উঠে এসেছে সমীক্ষায়। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে পছন্দ করছেন ৪২.৩ শতাংশ উত্তরদাতা। কংগ্রেস নেতা গণেশ গোদিয়ালের সমর্থন ৩৫.৩ শতাংশ। ধামি সরকারের কাজকর্মে সন্তুষ্ট ৬২.৬ শতাংশ মানুষ।
তবে বিজেপির সামনে চ্যালেঞ্জও কম নয়। ৪২.৯ শতাংশ মানুষের কাছে সবচেয়ে বড় সমস্যা মূল্যবৃদ্ধি। বেকারত্ব ও পরিযায়ী শ্রমিকের সমস্যা নিয়েও উদ্বেগ রয়েছে। নিয়োগ দুর্নীতি ও পরীক্ষার প্রশ্নফাঁসও ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে।
যদিও সমীক্ষায় বিজেপির পাল্লা ভারী, তবুও এটিকে নির্বাচনের চূড়ান্ত ফলাফল বলে ধরে নেওয়ার সুযোগ নেই।









