ইতালিতে সোনিয়া গান্ধীর ছেলেবেলার বাড়ি এবার জাদুঘর! উদ্যোগ শিখ ব্যবসায়ীর

ইতালিতে সনিয়া গাঁধীর ছোটবেলার বাড়িতে মিউজ়িয়াম গড়ার প্রস্তাব দিয়েছেন বর্তমান মালিক শিখ ব্যবসায়ী সুখদেব সিংহ ক্যাং।

Share:

ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: ইতালির ছোট্ট গ্রাম থেকে ভারতের রাজনীতির অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠার দীর্ঘ যাত্রা! এবার সেই শৈশবের স্মৃতিই সংরক্ষিত হতে চলেছে জাদুঘরে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ইতালির পৈতৃক বাড়িকে মিউজিয়ামে পরিণত করার উদ্যোগ নিয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূত শিখ ব্যবসায়ী। বাড়িটির বর্তমান মালিক সুখদেব সিং কাং চান, সোনিয়ার ছোটবেলার স্মৃতি, ছবি, নথি এবং পারিবারিক সামগ্রী দিয়ে সাজিয়ে তুলতে একটি বিশেষ সংগ্রহশালা।

ইতালির ভিসেনজা প্রদেশের লুসিয়ানা গ্রামে অবস্থিত ছয় কামরার এই বাড়িতেই ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর জন্ম হয়েছিল সোনিয়া গান্ধীর। জীবনের শুরুর কয়েকটি বছরও কেটেছে সেখানেই। বর্তমানে বাড়িটির নাম ‘ইন্ডিয়ান হাউস’। বাইরে রয়েছে ভারতের জাতীয় পতাকা এবং সোনিয়া গান্ধীর জন্মস্থান হিসেবে পরিচয় দেওয়া একটি ফলক।

জানা গিয়েছে, সুখদেব সিং কাং ২০২০ সালে নিজের স্ত্রী ও মেয়ের নামে বাড়িটি কেনেন। পাঞ্জাবের হোশিয়ারপুরের বাসিন্দা কাং ১৯৯২ সালে ইতালিতে পাড়ি দিয়েছিলেন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ব্রেসিয়ায় থাকেন।

তবে বাড়িটিকে পূর্ণাঙ্গ জাদুঘরে পরিণত করতে গান্ধী পরিবারের সহযোগিতা চান তিনি। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করে পরিবারের পুরনো ছবি, ব্যক্তিগত স্মারক ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে চান কাং। তাঁর আশা, এই সংগ্রহশালা ভারতীয় পর্যটকদের কাছে ইতালির নতুন আকর্ষণ হয়ে উঠবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।