ব্যুরো নিউজ, ২২শে নভেম্বর ২০২৬ : কেরলের মালাপ্পুরমের এক মর্মান্তিক ঘটনা দেখাল, রূপচর্চার নামে আমরা অজান্তে ত্বকে কত বিষ মাখছি। সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে ব্রণ ও দাগ কমানোর আশায় এক কিশোরী ফেয়ারনেস ক্রিম কিনেছিল। প্রথমে মুখ উজ্জ্বল ও দাগ হালকা লাগছিল। কিন্তু সেই সাময়িক উজ্জ্বলতার আড়ালে ধীরে ধীরে শরীরে বিষ ছড়াচ্ছিল, যা সে টেরও পায়নি। ২০২৫ সালের অগস্ট থেকে এই ক্রিমের ব্যবহারে শেষে সে হাসপাতালের বিছানায় ও মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গেল।
কয়েক দিনেই অস্বাভাবিক উপসর্গ দেখা দেয়। হঠাৎ রক্তচাপ কমা, বারবার অজ্ঞান হওয়া ও পা ফোলায় পরিবার প্রথমে কারণ বুঝতে পারেনি। অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় চিকিৎসকদের উদ্বেগ বাড়ে। শেষে জানা যায়, কিশোরীটি মেমব্রেনাস নেফ্রোপ্যাথি নামে গুরুতর কিডনি রোগে আক্রান্ত। এতে কিডনির ছাঁকনি ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং প্রস্রাবে প্রয়োজনীয় প্রোটিন ক্ষয় হয়। অল্পবয়সি মেয়ের এমন জটিল রোগের কারণ খুঁজতে চিকিৎসকেরা গভীর অনুসন্ধানে নামেন।
বিষক্রিয়ার সন্দেহে পরীক্ষায় কিশোরীর শরীরে স্বাভাবিকের বহুগুণ পারদ পাওয়া গেছে। পরে তার নিয়মিত ব্যবহৃত ফেয়ারনেস ক্রিম সন্দেহের তালিকায় আসে। নমুনা পরীক্ষায় চিকিৎসক ও বিশেষজ্ঞরা শঙ্কিত হন। দাবি অনুযায়ী ক্রিমে প্রতি মিলিয়নে ১২,৫০০ অংশ (১২,৫০০ পিপিএম) পারদ রয়েছে, যা নিরাপদ মাত্রার হাজার গুণ এবং মারাত্মক হতে পারে। চিকিৎসকদের মতে, নিয়মিত ব্যবহারে পারদ রক্তে মিশে কিডনির মারাত্মক ক্ষতি ও রোগপ্রতিরোধ ক্ষমতার বিপর্যয় ঘটায়।
সব ফেয়ারনেস ক্রিম বিপজ্জনক নয়, তবে এটি গুরুতর সতর্কবার্তা। অবৈধ, ভেজাল বা লেবেলবিহীন ত্বক ফর্সাকারী প্রসাধনীতে দ্রুত ফলের আশায় গোপনে পারদ মেশানো হয়, কারণ তা সাময়িকভাবে মেলানিন কমায়। কিন্তু দীর্ঘদিন ব্যবহারে এটি কিডনি, স্নায়ুতন্ত্র, ত্বক ও শরীরের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। তাই বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেন, সোশ্যাল মিডিয়ার আকর্ষণীয় বিজ্ঞাপন বা কারও কথায় বিশ্বাস করে অজানা উৎসের প্রসাধনী ব্যবহার করবেন না।









