রাহুলের মন্তব্যে চরম বিতর্ক! ইজরায়েলকে সমর্থন মানতে নারাজ মহাত্মার প্রপৌত্র

ইজরায়েল নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করেছেন তুষার গান্ধী ও পিনারাই বিজয়ন। পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস।

Share:

ব্যুরো নিউজ,২২শে নভেম্বর ২০২৬ : ইজরায়েলকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে এখন রীতিমতো ঝড় বইছে। একদিকে মহাত্মা গান্ধীর প্রপৌত্র ও বিশিষ্ট লেখক তুষার গান্ধী, অন্যদিকে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের প্রবীণ নেতা পিনারাই বিজয়ন — দু’জনেই প্রকাশ্যে রাহুলের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। আর তার পাল্টা জবাবে কংগ্রেসের দাবি, রাহুলের কথার ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা করা হচ্ছে, তাঁকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়া এক্সে ধারাবাহিক পোস্টে তুষার গান্ধী জানিয়েছেন, ইজরায়েলের প্রতি সমর্থন নিয়ে রাহুল গান্ধীর অবস্থানের সঙ্গে তিনি একমত নন। তাঁর মতে, কৌশলগত, কূটনৈতিক বা অস্ত্রবাণিজ্যিক স্বার্থ গণহত্যার চেয়ে বড় হতে পারে না। তিনি বলেন, এখন গাজা ও প্যালেস্টাইনের নিরীহ মানুষের পাশে দাঁড়ানোই মানবতার আসল পরীক্ষা।

আরেক পোস্টে তিনি আরও কড়া সুরে লিখেছেন, ইজরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাই ছিল অনৈতিক ও বেআইনি। তাঁর মতে, জায়নবাদী রাষ্ট্র নিয়ে যেকোনো আলোচনায় প্যালেস্টাইনিদের ওপর বছরের পর বছর চলা অপরাধের ইতিহাস মনে রাখতে হবে। তুষারের দাবি, রাষ্ট্র প্রতিষ্ঠার সময় থেকেই জায়নবাদীরা প্যালেস্টাইনিদের নির্যাতন করে আসছে, ঘরবাড়ি ও জমি কেড়ে নিয়েছে এবং তাদের অস্তিত্বই বিপন্ন করেছে।

একই সঙ্গে তুষার গান্ধী আরেকটি অত্যন্ত স্পর্শকাতর তুলনা টেনেছেন। তাঁর মতে, ইজরায়েলের রাষ্ট্রীয় অপরাধ আর হামাস বা অন্য প্যালেস্টাইনপন্থী সংগঠনের কার্যকলাপ এক নয়। প্যালেস্টাইনি জনগণের ওপর চলমান ও ঐতিহাসিক নিপীড়নকে অন্য কিছু দিয়ে ছোট করা যায় না।

এদিকে শনিবার এই বিতর্কে সরাসরি নামেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এক্সে লিখে তিনি রাহুল গান্ধীকে নিশানা করেন। তাঁর বক্তব্য, গাজায় হাজার হাজার নিরীহ শিশু মারা যাচ্ছে, গোটা বিশ্ব যখন শোকাহত, ঠিক সেই সময় রাহুল ইজরায়েলের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার কথা বলছেন এবং সে দেশ থেকে অস্ত্র কেনারও পক্ষে সওয়াল করছেন।