ব্যুরো নিউজ, ২২শে নভেম্বর ২০২৬ : অরুণাচল প্রদেশের রুক্ষ, পাহাড়ি সীমান্তে ফের উত্তেজনার মেঘ জমেছিল। আর সেই মেঘ কাটাতেই এবার মুখোমুখি বসলেন ভারত ও চিনের শীর্ষ সামরিক কর্তারা। উদ্দেশ্য একটাই — কোনওভাবেই যাতে দুই দেশের সেনার মধ্যে সরাসরি সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করা।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর তিন নম্বর কোরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল গিরিশ কালিয়া। তাঁর সঙ্গে ছিলেন চিনের এক শীর্ষ সামরিক নেতা এবং ভারতের বিদেশ মন্ত্রকের আধিকারিকরা। অর্থাৎ, শুধু সেনা নয়, কূটনৈতিক স্তরেও বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, দীপাবলির ঠিক পরেই, ৮ নভেম্বর এই দফার বৈঠক শুরু হয়। মাঝে অল্প সময়ের বিরতি থাকলেও প্রায় ১০ দিন ধরে চলে এই marathon আলোচনা। এর আগে গত ৬ ও ৭ সেপ্টেম্বর প্রথম দফার বৈঠক হয়েছিল কিবিথু সেক্টরের ওয়াচা-দামাই পয়েন্টে। সেই বৈঠকের ধারাবাহিকতাতেই নভেম্বরে ফের বসেন দুই দেশের সামরিক কর্তারা।
হঠাৎ এত তৎপরতা কেন? প্রতিরক্ষা মন্ত্রকের এক সূত্রের মতে, আলোচনায় তিনটি মূল বিষয় ছিল: দুই বাহিনীর জন্য স্পষ্ট আচরণবিধি, টহল দলের সংঘাত এড়ানো এবং নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখা। সীমান্তের ছোট বিরোধ যাতে বড় অচলাবস্থায় না দাঁড়ায়, সেদিকেও বিশেষ লক্ষ্য রাখা হয়েছে।
শীত আসন্ন। তখন অরুণাচলের দুর্গম এলাকায় টহল আরও কঠিন হয়। প্রতিকূল আবহাওয়া, দুর্গম পথ ও যোগাযোগের সমস্যায় উত্তেজনা বাড়লে সামাল দেওয়া আরও কষ্টকর হবে। তাই শীতের আগেই উত্তেজনা কমাতে দুই পক্ষ আগ্রহী, এমনটাই ধারণা করা হচ্ছে।
আগে রাজস্থানের এক অনুষ্ঠানে আইটিবিপি-র ডিজি শত্রুজিৎ কপূর অরুণাচলের এমন পরিস্থিতির কথা জানিয়েছিলেন। কিন্তু কার সঙ্গে সংঘাত হয়েছিল, তা বলেননি। এ নিয়েই বিতর্ক শুরু হয়। এই প্রেক্ষাপটে এবারের বৈঠককে বিশেষজ্ঞরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন।









