ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬ : হাওড়ার সাঁতরাগাছিতে ছয় লেনের প্রস্তাবিত করিডোর ও সংলগ্ন সেতু নির্মাণের কাজ ঘিরে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের যানজট, সিগন্যালের সমস্যা এবং যাতায়াতের ভোগান্তি থেকে মুক্তির অপেক্ষায় রয়েছেন নিত্যযাত্রীরা। নির্মাণকাজ দ্রুত গতিতে এগোতে দেখে খুশি এলাকার মানুষ।
যদিও প্রকল্পের কাজ চলায় বর্তমানে রাস্তায় সাময়িক যানজটের সমস্যা তৈরি হচ্ছে, তবুও ভবিষ্যতের সুবিধার কথা ভেবেই আশাবাদী বাসিন্দারা। তাঁদের মতে, সেতু ও করিডোর চালু হলে যান চলাচল অনেক বেশি মসৃণ হবে। বিশেষ করে রাস্তা পারাপার এবং চারচাকা ও যাত্রীবাহী গাড়ির চলাচলে বড়সড় সুবিধা মিলবে।
স্থানীয় বাসিন্দা এমডি সনু জানান, নির্মাণকাজের অগ্রগতি দেখে তাঁরা সন্তুষ্ট। আগে যে গতিতে কাজ হবে বলে ধারণা করা হয়েছিল, বর্তমানে তার তুলনায় অনেক দ্রুত কাজ এগোচ্ছে। দিন-রাত কাজ চলায় প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। তবে সম্পূর্ণ কাজ শেষ হতে আনুমানিক এক বছর সময় লাগতে পারে বলে মনে করছেন তিনি।
অন্য বাসিন্দা বাবলু সরদারের কথায়, কাজ যত দ্রুত শেষ হবে, ততই সাধারণ মানুষের সুবিধা। বর্তমানে নির্মাণকাজের কারণে কিছুটা যানজট বাড়লেও সেতু চালু হলে সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশা। বিশেষ করে স্কুল-কলেজের পড়ুয়া এবং প্রতিদিন যাতায়াতকারী মানুষের জন্য এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
সব মিলিয়ে, সাময়িক যানজটের ভোগান্তি পেরিয়ে উন্নত যোগাযোগ ব্যবস্থার অপেক্ষায় সাঁতরাগাছির বাসিন্দারা।









