ব্যুরো নিউজ, ২২ নভেম্বর ২০২৬ : দক্ষিণ দিনাজপুরের হিলিতে সরকারি জমি দখল করে বসবাসের অভিযোগে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হল পাঁচ বাংলাদেশি নাগরিকের বাড়ি। রবিবার দুপুরে হিলি ব্লকের ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকায় এই উচ্ছেদ অভিযান চালায় পুলিশ ও প্রশাসন। পূর্ত দপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে চলে এই অভিযান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৩ নভেম্বর রাতে ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকার একটি ক্লাবের কালীপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে অশান্তি বাধে। সেই ঘটনার তদন্তে নেমে পরদিন পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করে হিলি থানার পুলিশ। তাঁদের পরিচয় ও ভারতে বসবাসের বৈধতা নিয়ে তদন্ত শুরু হয়।
তদন্তে পুলিশের দাবি, ওই পাঁচজন বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে ভারতে প্রবেশ করে সরকারি জমি দখল করে বসবাস করছিলেন। তাঁদের কাছে বৈধ নথি না থাকার অভিযোগও সামনে আসে। এরপর আটক ব্যক্তিদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়। পাশাপাশি সরকারি জমি দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু করে প্রশাসন।
সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই রবিবার পূর্ত দপ্তর এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে সরকারি জমির উপর তৈরি টিনের বাড়ি ভেঙে দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলে এই অভিযান।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। উচ্ছেদ অভিযান দেখতে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।









