ব্যুরো নিউজ, ২২ নভেম্বর ২০২৬: মাদুরাইয়ের তিরুপারাঙ্কুন্দ্রম পাহাড়ের দীপাথুনে কার্তিগাই দীপম জ্বালানোর অনুমতি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করল তামিলনাড়ু সরকার। ২০২৬ সালের ২৪ নভেম্বর একবারের জন্য ওই স্তম্ভে প্রদীপ জ্বালানোর অনুমতি দিয়েছিল শীর্ষ আদালত। ২০ নভেম্বরের সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন জমা দিয়েছেন রাজ্যের হিন্দু ধর্মীয় ও দাতব্য অনুদান দফতরের কমিশনার।
বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ এককালীন অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে এই অনুমতি দেয়। একই সঙ্গে মাদ্রাজ হাই কোর্টের রায়ের কয়েকটি পর্যবেক্ষণের উপর স্থগিতাদেশ জারি করে আদালত। উৎসবের সময় ঘনিয়ে আসায় এই বিশেষ অনুমতি দেওয়া হয়েছে বলে নির্দেশে জানানো হয়। তবে দীপাথুনে সাধারণ মানুষ, মিছিল বা বিক্ষোভের অনুমতি থাকবে না বলে স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট। মন্দির প্রশাসনের অনুমোদিত প্রতিনিধি এবং সরকারি আধিকারিকরাই সেখানে যেতে পারবেন। আয়োজনের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে মাদুরাইয়ের জেলাশাসককে।
নিরাপত্তার প্রয়োজনে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ মোতায়েনের অনুমতিও দিয়েছে আদালত।
রাজ্য সরকারের বক্তব্য, কার্তিগাই দীপমের প্রদীপ ঐতিহ্যগত ভাবে উচিপিল্লাইয়ার মন্দিরের কাছে দীপা মণ্ডপে জ্বালানো হয়। বিতর্কিত পাথরের স্তম্ভে প্রদীপ জ্বালানোর কোনও প্রতিষ্ঠিত প্রথা নেই বলেও পিটিশনে দাবি করা হয়েছে। এই নির্দেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিজেপি এই বিষয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছে। রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর।









