ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬: পূর্ব বর্ধমানের আউশগ্রামের রাজমিস্ত্রি পূর্ণ চন্দ্র মেটের পরিবারের কাছে সাহায্যের নাম করে ফোন করে প্রতারকরা—এমনই অভিযোগ। ক্যান্সার আক্রান্ত মাত্র ১১ মাসের ছেলে রিকু মেটের চিকিৎসার জন্য সাধারণ মানুষের কাছ থেকে জোগাড় করা টাকাই প্রতারণা করে হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি পরিবারের।
এই ঘটনায় দিশেহারা শিশুটির বাবা-মা। জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রিকুর চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ, শিশুটিকে বাঁচাতে দ্রুত বোনম্যারো প্রতিস্থাপন করতে হবে। কিন্তু দিনমজুরি করে সংসার চালানো পূর্ণ চন্দ্রের পক্ষে এই চিকিৎসার বিপুল খরচ জোগাড় করা সম্ভব নয়। তাই সন্তানের চিকিৎসার জন্য সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন তাঁরা। সম্প্রতি এলাকার এক যুবক রিকুর অসুস্থতার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে আবেদনমূলক ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়। মানুষের কাছ থেকে ধীরে ধীরে কিছু টাকা জোগাড়ও হয়েছিল।
অভিযোগ, এরপরই সাহায্যের কথা বলে রিকুর বাবার কাছে ফোন আসে। ফোন করা ব্যক্তি নিজেকে ইউটিউবার ‘হোসেন মনসুরি’ বলে পরিচয় দিয়েছিলেন বলে দাবি পরিবারের। কিন্তু সাহায্যের আশ্বাসের বদলে প্রতারণার শিকার হন পূর্ণ চন্দ্র। চিকিৎসার জন্য জমানো টাকার পুরো অংশই হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। শিশুর চিকিৎসা চালানোর জন্য যে অর্থের উপর পরিবার ভরসা করেছিল, সেটুকুও হারিয়ে এখন কী করবেন বুঝে উঠতে পারছেন না তাঁরা। প্রতারণার ঘটনায় পরিবারের দুর্ভোগ আরও বেড়েছে।









