ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬: হুগলির গোঘাটের কুমুড়সা অঞ্চলের পাতুলসাড়া গ্রামের বাসিন্দা বিনিতা পাল জীবিত, অথচ সরকারি নথিতে তাঁকে মৃত দেখানো হচ্ছে। অভিযোগ, নার্সিংহোমের একটি ভুলের জেরে মৃত মেয়ের মৃত্যুর তথ্য মায়ের আধার কার্ডের সঙ্গে যুক্ত হয়ে যায়। প্রায় আড়াই বছর ধরে এই ভুল সংশোধন করাতে প্রশাসনের বিভিন্ন দফতরে ঘুরছেন তিনি। কিন্তু এখনও স্থায়ী সমাধান মেলেনি। মেয়ের মৃত্যু হয়েছে প্রায় দু’বছর আগে।
সেই ঘটনার পর থেকেই বিনিতার নথি নিয়ে সমস্যা শুরু হয় বলে পরিবারের দাবি। বাস্তবে তিনি বাড়িতে থাকেন, সংসারের কাজ করেন; স্বামী কখনও তাঁকে গ্লাসে করে জলও খাইয়ে দেন। অথচ আধার-সংক্রান্ত সরকারি রেকর্ডে তাঁর পরিচয় মৃত হিসেবে দেখানো হচ্ছে। ফলে পরিচয় যাচাইয়ের সঙ্গে যুক্ত নানা কাজে সমস্যায় পড়তে হচ্ছে পরিবারকে। সমস্যা মেটানোর আশায় পরিবারের সদস্যরা প্রথমে পঞ্চায়েতে যান। পরে বিডিও, এসডিও, পোস্ট অফিস—একাধিক জায়গায় যোগাযোগ করেছেন তাঁরা। কলকাতায় আধার দফতরের প্রধান কার্যালয়েও গিয়েছেন বলে জানা গিয়েছে। এত দফতরে আবেদন ও যাতায়াতের পরও আড়াই বছর কেটে গিয়েছে, কিন্তু নথির ভুল সংশোধন হয়নি। পরিবারের অভিযোগ, কোথায় এবং কীভাবে এই তথ্য বদলেছে, তারও স্পষ্ট ব্যাখ্যা পাননি তাঁরা।
আধার কার্ডে মৃত্যুর তথ্য যুক্ত থাকায় বিনিতা একের পর এক সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে পরিবারের দাবি। এই সমস্যার প্রভাব পড়েছে পরিবারের অন্য সদস্যদের উপরও। তাঁদের অভিযোগ, বিনিতার নথিগত জটিলতার কারণে পরিবারের সদস্যদের আয়ুষ্মান কার্ডও বাতিল হয়ে গিয়েছে। ফলে চিকিৎসা সংক্রান্ত সুবিধা পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে দফতরে দফতরে ঘুরেও কোনও স্থায়ী সমাধান না মেলায় অসহায় পরিবারটি এখন কী করবে, বুঝতে পারছে না।









