পুরাতন মালদার ত্রাস আকাশ মণ্ডল গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও বিলাসবহুল গাড়ি

পুরাতন মালদার ত্রাস আকাশ মণ্ডলকে নদিয়ার হরিণঘাটা থেকে গ্রেফতার করল পুলিশ। ব্যবসায়ীকে হুমকি ও টাকা চাওয়ার অভিযোগের পর উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গাড়ি। স্বস্তিতে এলাকাবাসী।

Share:

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬: পুরাতন মালদার ত্রাস আকাশ মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ। এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি ও টাকা চাওয়ার অভিযোগ সামনে আসার কয়েক ঘণ্টার মধ্যেই নদিয়ার হরিণঘাটা থেকে তাকে পাকড়াও করা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও বিলাসবহুল একটি চার চাকা গাড়ি উদ্ধার হয়েছে।

মালদা থানার পুলিশ সূত্রে খবর, রবিবার পুরাতন মালদার সাহাপুর এলাকায় এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির ঘটনা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই পুলিশ তৎপর হয়। অভিযুক্তের খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবাড়ি পুলিশ ফাঁড়ির আধিকারিক অনন্ত বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল নদিয়ার হরিণঘাটায় একটি গোপন আস্তানায় অভিযান চালায়। সেখান থেকেই আকাশ মণ্ডলকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহাকে গুলি করার অভিযোগ রয়েছে আকাশের বিরুদ্ধে। এছাড়া, পুরাতন মালদার সাহাপুর এলাকার মহিলারা তার ভয়ে সন্ধ্যায় রাস্তায় বেরোনো বন্ধ করে দিয়েছিলেন।

স্থানীয় বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জুয়েন মুর্মুও অপরাধীর গ্রেফতারের জোরালো দাবি জানিয়েছিলেন। অভিযুক্ত গ্রেফতার হওয়ায় পুলিশ মহল ও আতঙ্কিত সাহাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। সোমবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখা যাওয়া অন্যান্য আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।