বিজেপি নেতা খুনে অভিযুক্তের অবৈধ বাড়িতে বুলডোজার, দুর্গাপুরে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

দুর্গাপুরে বিজেপি নেতা খুনে মূল অভিযুক্তের অবৈধ বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিল প্রশাসন। গ্রাম পঞ্চায়েতের নোটিস সত্ত্বেও মেলেনি জবাব, এরপরই কড়া পদক্ষেপ।

Share:

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬ : বিজেপি নেতা খুনের ঘটনায় মূল অভিযুক্তের অবৈধভাবে নির্মিত বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন। সোমবার দুপুরে দুর্গাপুর-ফরিদপুরের জব্বরপল্লি এলাকায় অভিযুক্ত বিজয় নন্দীর বাড়িটি ভেঙে ফেলা হয়।

প্রশাসনের দাবি, বাড়িটি সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি হয়েছিল এবং এর জন্য কোনও বৈধ অনুমোদন ছিল না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চলতি মাসের ১০ তারিখ রাতে দুর্গাপুর-ফরিদপুরের জব্বরপল্লি এলাকায় পিটিয়ে খুন করা হয়েছিল বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক শ্যাম কুমার দাসকে। এই নৃশংস খুনের ঘটনায় মূল অভিযুক্ত বিজয় নন্দী সহ অজয় নন্দী ও প্রসূন পাণ্ডেকে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনায় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। প্রশাসন সূত্রে খবর, বাড়ি নির্মাণের বৈধ অনুমোদন না থাকার অভিযোগে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তরফে অভিযুক্তকে আগেই নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু সেই নোটিসের কোনও সন্তোষজনক জবাব মেলেনি। এরপরই সোমবার দুপুরে দুর্গাপুর-ফরিদপুরের বিডিও দেবদ্বীপ বৈরাগীর নেতৃত্বে এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বুলডোজার চালিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।

পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ঘটনার পরপরই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছিলেন। তিনি ১৫ দিনের মধ্যে অভিযুক্তদের বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। সেই হুঁশিয়ারির পরেই প্রশাসনের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।