ব্যুরো নিউজ, ২৪শে নভেম্বর ২০২৬ : সোমবার প্রকাশিত একটা পারিবারিক আড্ডার ভিডিয়ো যেন হঠাৎ করেই দিল্লির রাজনীতির পর্দা সরিয়ে ভিতরের ঘরটা দেখিয়ে দিল। কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গাঁধীর স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অফ লভ’ প্রকাশের পর, ‘হোয়াট মা লেফট আউট অফ হার বুক’ শীর্ষক সেই আলোচনায় মায়ের পাশে বসেছিলেন ছেলে রাহুল গাঁধী আর মেয়ে প্রিয়ঙ্কা গাঁধী ভদ্রা। ৫৪৪ পৃষ্ঠার বইতে যা লেখা হয়নি, যা হয়তো লেখা যায় না, সেই না-বলা স্মৃতিগুলোই উঠে এলো এই আড্ডায়। আর তাতেই বোঝা গেল, গাঁধী পরিবারের ভিতরের গল্পটা বইয়ের চেয়েও অনেক বেশি আবেগের, অনেক বেশি যন্ত্রণার, অনেক বেশি মানবিক।
আড্ডার শুরুতেই রাহুল এমন কথা বললেন, যা শুনে অনেকে অবাক হবেন। ছোটবেলায় মা সোনিয়া তাঁর প্রশংসা করতেন না, বরং প্রত্যাশা ছিল বিশাল। হেসে রাহুল মায়ের একটি পুরনো মন্তব্য স্মরণ করালেন, যেখানে সোনিয়া বলেছিলেন, তাঁর ছেলের চেহারা ‘একেবারেই সাধারণ’! শুনে প্রিয়ঙ্কাও হেসে ফেললেন। তবে সে হাসির পেছনে ছিল কঠোর ভালোবাসার কাহিনি, যেখানে আদরের চেয়ে শাসন ও প্রত্যাশাই বেশি।
এই আড্ডার সবচেয়ে মিষ্টি মুহূর্ত ছিল ঠাকুমা ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ। রাহুল ও প্রিয়ঙ্কা দু’জনেই মানলেন, ইন্দিরার স্নেহ সবচেয়ে বেশি পেতেন রাহুল। রাহুল জানালেন, ছোটবেলায় তিনি ইন্দিরাকে ‘মা’ ডাকতেন, আর সেই ডাকে একবার সোনিয়াও রেগে গিয়েছিলেন! প্রিয়ঙ্কা বললেন, ঠাকুমাকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন, তবে কখনও ‘মা’ ডাকেননি। এই ছোট ঘটনায় বোঝা যায়, ইন্দিরা গান্ধী শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, নাতি-নাতনিদের কাছে ছিলেন সবচেয়ে নিরাপদ আশ্রয়।
সোনিয়া এদিন ১৯৮৯ সালের এক ভয়াবহ ঘটনাও স্মরণ করলেন। ক্ষমতা হারানোর পর বিহারে খোলা জিপে প্রচারের সময় রাজীবের দিকে পাথর ছোড়া হয়। সোনিয়ার মতে, তখন তাঁর নিরাপত্তাও পর্যাপ্ত ছিল না। এরপর ছোট্ট রাহুল মাকে বলেছিলেন, বাবার নিরাপত্তার ব্যবস্থা না হলে একদিন তাঁর শেষকৃত্যে ফিরতে হতে পারে।









