ব্যুরো নিউজ, ২৪শে নভেম্বর ২০২৬ : খিদে কমে যাচ্ছে, হঠাৎ করে ওজন নেমে যাচ্ছে, গাঁটে গাঁটে অসহ্য ব্যথা করছে, কিংবা ত্বকে হঠাৎ করে কালশিটের মতো দাগ ফুটে উঠছে। বেশিরভাগ মানুষই এই লক্ষণগুলোকে সাধারণ ক্লান্তি, বয়সের দোষ, ভিটামিনের অভাব কিংবা সামান্য চোট আঘাত ভেবে এড়িয়ে যান। কিন্তু চিকিৎসকরা বলছেন, এই পরিচিত মনে হওয়া লক্ষণগুলোর আড়ালেই লুকিয়ে থাকতে পারে পলিআর্টেরাইটিস নোডোসা নামে এক জটিল ও বিরল রক্তনালির প্রদাহজনিত রোগ। এই রোগ শুধু বড়দের হয়, এই ধারণাটাও সম্পূর্ণ ভুল। শিশুরাও এই রোগের শিকার হতে পারে, আর সময়মতো ধরা না পড়লে শরীরের একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।
শরীরের প্রতিটি অংশে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয় রক্তনালি। এর মধ্যে মাঝারি ধমনিতে প্রদাহ হলে রক্তপ্রবাহ ব্যাহত হয়। ধমনীর দেওয়াল ফুলে যায়, কোথাও ক্ষত হয়, এবং সেখানে রক্ত জমাট বাঁধতে পারে। ফলে ত্বকে কালশিটে দাগ বা ত্বকের নিচে টিউমারের মতো ছোট মাংসপিণ্ড দেখা দিতে পারে। ‘পলিআর্টেরাইটিস নোডোসা’ নামের অর্থ হল একাধিক ধমনিতে প্রদাহ এবং ত্বকের নিচে নোডিউল, যা থেকেই রোগের প্রকৃতি বোঝা যায়।
চিকিৎসকদের মতে, হেপাটাইটিস বি বা সি ভাইরাস কিংবা স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার সংক্রমণও এ রোগের কারণ হতে পারে। তাই ত্বকের দাগ বা গাঁটের ব্যথাকে আলাদা সমস্যা ভেবে চিকিৎসা করা উচিত নয়। এতে বারবার জ্বর, ক্লান্তি, দীর্ঘস্থায়ী সর্দি-কাশি, গাঁটে ব্যথা ও ফোলা হতে পারে। খিদে কমা এবং দ্রুত ওজন কমাও বড় লক্ষণ হতে পারে।
শিশুদের ক্ষেত্রে সতর্কতা আরও জরুরি। পেট ব্যথা, বমি, মলে রক্ত বা জন্ডিস হলে অনেকে সাধারণ পেটের সমস্যা ভেবে ঘরোয়া চিকিৎসা করান। অথচ পলিআর্টেরাইটিস নোডোসা রক্ত জমাট বাঁধাতে পারে, যা দ্রুত জটিলতা ঘটায়। তাই ত্বকে দাগ, গাঁটে ব্যথা, জ্বর, ক্লান্তি, ক্ষুধামান্দ্য ও ওজন কমা একসঙ্গে দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।









