সমাবর্তনের পোশাকে বদলের প্রস্তাব, গাউন-হ্যাটের বদলে দেশীয় সাজ

সমাবর্তনে গাউন-হ্যাটের বদলে খাদি ও হ্যান্ডলুমের দেশীয় পোশাক ব্যবহারের পরামর্শ দিয়ে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠি পাঠাল উচ্চশিক্ষা দফতর।

Share:

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬ : রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সমাবর্তনে প্রচলিত গাউন ও হ্যাটের বদলে দেশীয় পোশাক ব্যবহারের পরামর্শ দিল উচ্চশিক্ষা দফতর। এই বিষয়ে রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠানো হয়েছে। ২৩ নভেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে খাদি ও হ্যান্ডলুমের কাপড় দিয়ে সমাবর্তনের পোশাক তৈরির উপর জোর দেওয়া হয়েছে।

দফতরের বক্তব্য অনুযায়ী, সমাবর্তনের পোশাকে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে গুরুত্ব দিতে চায় রাজ্য। একই সঙ্গে ভারতীয় আবহাওয়ার উপযোগী পোশাক বেছে নেওয়ার কথাও বলা হয়েছে। দেশীয় কাপড়ের ব্যবহার বাড়লে গ্রামীণ তাঁতি এবং হ্যান্ডলুম শিল্পও আর্থিকভাবে উপকৃত হতে পারে এমন ভাবনা রয়েছে সরকারের। এই উদ্যোগ শুধু বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে না উচ্চশিক্ষা দফতর।

বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতেও দেশীয় পোশাক চালুর আবেদন জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০১৫, ২০১৯ এবং ২০২৪ সালের পরামর্শের উল্লেখ রয়েছে। ইউজিসি-ও একাধিকবার সমাবর্তনে খাদি ও হ্যান্ডলুমের কাপড় ব্যবহারের কথা বলেছে এবং আবহাওয়ার সঙ্গে মানানসই পোশাক তৈরির উপর জোর দিয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলিকে তাদের সমাবর্তনের পোশাক সংক্রান্ত ছবি ও ভিডিয়ো ইউজিসির পোর্টালে আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। কী পদক্ষেপ করা হচ্ছে, তা উচ্চশিক্ষা দফতরকে জানাতেও বলা হয়েছে। ফলে পোশাক বদলের বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলির পরিকল্পনা কী, তা নজরে রাখবে দফতর।

তবে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনও পোশাকের নকশা বা রং ঠিক করে দেওয়া হয়নি। গাউন-হ্যাট পুরোপুরি নিষিদ্ধ, এমন কথাও চিঠিতে বলা হয়নি; বরং দেশীয় পোশাকের ব্যবহারকে উৎসাহিত করা হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়গুলি কীভাবে এই পরামর্শ কার্যকর করে, সেটাই দেখার।