স্মৃতিশক্তির জোরে জাতীয় স্বীকৃতি, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে হুগলির রাজস্বিনী

হুগলির পান্ডুয়ার রাজস্বিনী চক্রবর্তী ৩০টি পাখি ও ৪২টি অঙ্গের নাম বলতে পারে। এই কৃতিত্বে তার নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে।

Share:

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬ : হুগলির পান্ডুয়ার উত্তরায়ণের বাসিন্দা রাজস্বিনী চক্রবর্তী এখনও স্কুলে ভর্তি হয়নি। কিন্তু মাত্র তিন বছর বয়সেই তার স্মৃতিশক্তি ও নানা বিষয় চিনে বলার ক্ষমতা নজর কেড়েছে। ৩০টি পাখির নাম, শরীরের ৪২টি অঙ্গের নাম, মাস ও বছরের হিসাব—সবই অনর্গল বলতে পারে সে। এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে রাজস্বিনীর নাম উঠেছে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে’। তাকে ‘আইবিআর অ্যাচিভার’ খেতাবও দেওয়া হয়েছে।

রাজস্বিনীর জন্ম ২০২৩ সালের ১ নভেম্বর। পরিবারের তরফে জানানো হয়েছে, দুই বছর ১০ মাস বয়সে তার নাম রেকর্ডসে তোলার জন্য আবেদন করা হয়। গত ৩০ সেপ্টেম্বর আবেদন জমা দেওয়ার পর সংস্থার পক্ষ থেকে ভিডিয়ো, প্রয়োজনীয় তথ্য ও নথি পাঠাতে বলা হয়। সেই মতো সবকিছু জমা দেয় পরিবার। এরপর অক্টোবরে রাজস্বিনীর কৃতিত্ব যাচাই করে তাকে নির্বাচিত করার কথা জানানো হয়। গত ২ নভেম্বর মেডেল ও সার্টিফিকেট হাতে পায় রাজস্বিনী। তার এই সাফল্যে খুশি পরিবারের সদস্যরা।

তাঁদের মতে, নতুন কিছু শেখার প্রতি রাজস্বিনীর আগ্রহই এত অল্প বয়সে এই স্বীকৃতি পেতে সাহায্য করেছে। শুধু মুখে বলে যাওয়া নয়, নিজের হাতে ইংরেজি অক্ষর লেখার চেষ্টাও করে সে। বই, খাতা, পেন ও পেন্সিলের প্রতিও ছোটবেলা থেকেই রাজস্বিনীর আগ্রহ রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, নানা বিষয় মনে রাখা এবং চিনে নেওয়ার ক্ষমতা ধীরে ধীরে আরও বাড়ছে।

এখনও স্কুলে যাওয়া শুরু না করলেও বাড়িতেই শেখার নানা উপকরণ নিয়ে সময় কাটায় সে। রাজস্বিনীর কৃতিত্বের খবর ছড়িয়ে পড়তেই পান্ডুয়ায় খুশির আবহ তৈরি হয়েছে। ছোট্ট এই মেয়ের স্মৃতিশক্তি এবং শেখার আগ্রহই এখন পরিবারের কাছে গর্বের বিষয়।