মুক্তির দিন পিছোল রাজামৌলির ‘বারাণসী’, ২০২৭-এর অগস্টে আসতে পারে মহেশ বাবুর ছবি

সিজিআই ও ভিএফএক্সের কাজ বাকি থাকায় পিছোতে পারে এস এস রাজামৌলির ‘বারাণসী’-র মুক্তি। ২০২৭ সালের অগস্টে মুক্তির সম্ভাবনা মহেশ বাবু অভিনীত ছবিটির।

Share:

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬ : এস এস রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি ‘বারাণসী’-র মুক্তি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগে ঘোষণা করা হয়েছিল, ২০২৭ সালের ৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মহেশ বাবু অভিনীত এই ছবি। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, নির্ধারিত দিনে ছবিটি মুক্তি পাচ্ছে না। ছবির সিজিআই এবং ভিএফএক্সের কাজ এখনও সম্পূর্ণ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। ছবির দৃশ্যায়নের মান নিয়ে কোনওরকম আপস করতে চান না পরিচালক রাজামৌলি। তাই প্রয়োজন হলে মুক্তির দিন পিছিয়ে দিতে প্রস্তুত নির্মাতারা।

‘গাল্টে’-র প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের জুলাইয়ের শেষ থেকে অগস্টের মধ্যে নতুন মুক্তির দিন খুঁজছেন নির্মাতারা। সম্ভাব্য তারিখ হিসেবে উঠে এসেছে ২৯ জুলাই, ৫ অগস্ট এবং ১২ অগস্ট। তবে আপাতত অগস্ট মাসেই ছবি মুক্তির সম্ভাবনা বেশি বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, অগস্টেই জন্মদিন মহেশ বাবুর। ফলে ওই মাসে ছবি মুক্তি পেলে অভিনেতার অনুরাগীদের কাছে তা বাড়তি পাওনা হতে পারে। যদিও নতুন মুক্তির দিন নিয়ে এখনও নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

ছবির গল্পে রয়েছে বিশ্বজুড়ে এক ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা। শম্ভবী নামে এক বিশাল গ্রহাণু আছড়ে পড়ার হুমকিতে বিপন্ন হতে পারে বারাণসী। এই বিপর্যয় ঠেকাতে প্রাচীন এক মহাজাগতিক নিদর্শনের সন্ধানে অভিযানে নামে প্রত্নতত্ত্ববিদ রুদ্র। তাঁর সঙ্গী নির্ভীক ইতিহাসবিদ ও দক্ষ নিশানাবাজ মন্দাকিনী। তাঁদের অভিযান ছড়িয়ে পড়ে আফ্রিকার জঙ্গল, অ্যান্টার্কটিকার বরফে ঢাকা অঞ্চল এবং ইউরোপের বিভিন্ন প্রান্তে। পথে বাধা হয়ে দাঁড়ায় প্রযুক্তিতে অত্যাধুনিক খলনায়ক কুম্ভ।

রাজামৌলি ও মহেশ বাবুর প্রথম যৌথ ছবি ‘বারাণসী’তে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং পৃথ্বীরাজ সুকুমারনও। ভারতীয় সিনেমার অন্যতম বড় আন্তর্জাতিক মুক্তি হিসেবে ছবিটিকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে।