ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬: মহাকাশে ইন্টারনেট পরিষেবার বাজারে ইলন মাস্কের স্টারলিঙ্ককে চ্যালেঞ্জ জানাতে বড় পদক্ষেপ করল অ্যামাজন। মঙ্গলবার ইউরোপের আরিয়ান ৬ রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হল অ্যামাজনের ৩৬টি কৃত্রিম উপগ্রহ। ফ্রেঞ্চ গায়ানার ইউরোপীয় মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়।
এই স্যাটেলাইটগুলি অ্যামাজনের ‘লিও’ (Amazon Leo) প্রকল্পের অংশ। এর লক্ষ্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া। বিশেষ করে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় যেখানে প্রচলিত ইন্টারনেট পরিষেবা পৌঁছনো কঠিন, সেখানে স্যাটেলাইটের মাধ্যমে সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থার।
উৎক্ষেপণের প্রায় দুই ঘণ্টার মধ্যে ৩৬টি স্যাটেলাইটই নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয়। আরিয়ান ৬ রকেটের এটি দশম উড়ান এবং অ্যামাজনের জন্য চতুর্থ অভিযান। এই উৎক্ষেপণের ফলে আরিয়ান ৬-এর মাধ্যমে কক্ষপথে পাঠানো অ্যামাজনের মোট স্যাটেলাইটের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৬।
তবে স্টারলিঙ্কের সঙ্গে প্রতিযোগিতায় এখনও অনেকটা পিছিয়ে অ্যামাজন। সংস্থার প্রায় ৪০০টি স্যাটেলাইট কক্ষপথে রয়েছে, যেখানে স্টারলিঙ্কের সংখ্যা ১১ হাজারেরও বেশি। এর পাশাপাশি চলতি মাসে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের একটি রকেট দুর্ঘটনায় অ্যামাজনের ৪০টি স্যাটেলাইট হারিয়ে যায়।
সব বাধা কাটিয়ে চলতি বছরের শেষ নাগাদ বাণিজ্যিক ইন্টারনেট পরিষেবা চালুর লক্ষ্যে এগোচ্ছে অ্যামাজন। এবার তাদের এই নতুন উৎক্ষেপণ স্টারলিঙ্কের আধিপত্যে কতটা প্রভাব ফেলতে পারে, সেদিকেই নজর প্রযুক্তি দুনিয়ার









